ডায়াবেটিস-হৃদরোগের আগাম আভাস দেয় পায়ের পাতা, বুঝবেন যেভাবে
ফাইল ছবি
বড় স্বাস্থ্য সমস্যা হওয়ার আগে শরীর ছোট ছোট ইঙ্গিত দেয়। কখনো চোখ দেখে সে বার্তা পড়া যায়, কখনো জিভ বা নখ দেখে। এই তালিকায় রয়েছে পায়ের পাতাও। শরীরের এই অঙ্গটি দেখেই বোঝা যায় বড় রোগের পূর্বাভাস।
দেহের অন্য যেকোনো অংশের চেয়ে পায়ে সবচেয়ে বেশি স্নায়ু রয়েছে। সারা দেহের অসংখ্য স্নায়ু এখানে এসে শেষ হয়েছে। তাই পায়ের পাতার হাল দেখে নানা রোগ চেনা যায়। চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে নিই-
রোম পড়া
পায়ের পাতার ওপর যে রোম দেখা যায়, সেগুলো যদি হঠাৎ ঝরতে শুরু করে, তাহলে তা স্বাভাবিক নয়। শরীরে রক্ত সঞ্চালন ঠিকমতো না হলে এমন উপসর্গ দেখা দিতে পারে। রোম পড়ার মানে হলো হৃদযন্ত্র ঠিক মতো অক্সিজেনযুক্ত রক্ত পাম্প করতে পারছে না। তাই এমন উপসর্গ হৃদরোগের ইঙ্গিত হতে পারে।
আঘাত না সারা
পায়ের পাতায় ছোট্ট কোনো আঘাত লাগলে বা ফোস্কা হলে তা যদি দীর্ঘ দিন ধরে ঠিক না হয়, সেক্ষেত্রে বুঝতে হবে রক্তের শর্করার মাত্রা বেড়েছে। ডায়াবেটিস থাকলে শরীরের আঘাত চট করে সারতে চায় না। তাই এমন উপসর্গ দেখলে সুগারের পরীক্ষা করিয়ে নিন।
পায়ের পাতা ফোলা
অনেক কারণেই পায়ের পাতা ফুলতে পারে। তার মধ্যে অন্যতম হলো কিডনির সমস্যা, হার্টের সমস্যা, উচ্চ রক্তচাপ, লিভারের সমস্যা। অনেকসময় অন্তঃসত্ত্বা হলেও পা ফুলতে পারে। চিকিৎসকদের মতে, আর্থ্রাইটিস অথবা ভিটামিন ডি-র অভাবেও পা ফুলতে পারে। এমনকি গোড়ালিতে ব্যথাও হতে পারে।
ঠান্ডা হয়ে যাওয়া
থাইরয়েডের সমস্যার কারণে পায়ের পাতা ঠান্ডা হয়ে যাওয়ার সমস্যা হতে পারে। এছাড়াও রক্ত সঞ্চালনের সমস্যা, আয়োডিনের অভাব এমনকি, অ্যানিমিয়ার কারণেও এমন উপসর্গ দেখা দিতে পারে।
টান ধরা
শরীরে ম্যাগনেশিয়ামের অভাব হলে পায়ের পাতায় টান ধরার সমস্যা দেখা দিতে পারে। এছাড়া ক্যালসিয়াম, পটাশিয়ামের অভাবেও এমনটা হতে পারে। আবার শরীরে পানির পরিমাণ কমে গেলে, শরীর যথাযথ পুষ্টি না পেলেও এমন হতে পারে।