বাঁশখালীতে অবৈধ ট্রলিং বোট জব্দ, ১৬ জেলে আটক
সংগৃহীত ছবি
চট্টগ্রামের বাঁশখালীতে অভিযান চালিয়ে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, ছয়টি ট্রলিং জাল ও ৪ হাজার ৫৩ কেজি সামুদ্রিক মাছ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় ১৬ জন জেলেকে আটক করা হয়।
রবিবার (২৬ জুলাই) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি বলেন, শনিবার (২৫ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী থানার এস আলম জেটি-সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড কন্টিনজেন্ট বাঁশখালী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরে বোটে তল্লাশি চালিয়ে ছয়টি ট্রলিং জাল, ৪ হাজার ৫৩ কেজি সামুদ্রিক মাছ জব্দ এবং ১৬ জন জেলেকে আটক করা হয়।
কোস্ট গার্ড জানায়, সামুদ্রিক মৎস্য দপ্তরের আগ্রাবাদ কার্যালয়ের সহকারী পরিচালকের উপস্থিতিতে ট্রলিং বোট থেকে অবৈধ সরঞ্জাম অপসারণ করা হয়। পরে ট্রলিং জাল ধ্বংস করা হয় এবং মুচলেকা নিয়ে বোটসহ জেলেদের মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়। জব্দ করা সামুদ্রিক মাছ নিলামে বিক্রি করে ২ লাখ ৫০ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
কোস্ট গার্ড জানিয়েছে, সামুদ্রিক মৎস্যসম্পদ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে