লৌহজংয়ে চার ঘণ্টার ব্যবধানে পানিতে ডুবে নারী ও শিশুর মৃত্যু
প্রতিকি ছবি
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় মাত্র চার ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি ঘটনায় পানিতে ডুবে এক নারী ও এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২৬ জুলাই) উপজেলার গাওদিয়া ও বৌলতলী ইউনিয়নে এ দুটি দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গাওদিয়া ইউনিয়নের শামুরবাড়ী গ্রামের বাসিন্দা মিহিতা আক্তার (ববি) (৩৪) সকাল প্রায় ১১টার দিকে কাপড় ধোয়ার পর পদ্মা নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে তিনি নদীর পানিতে নিখোঁজ হয়ে যান। স্থানীয়রা খোঁজাখুঁজির পর দুপুর ১২টার দিকে তাকে উদ্ধার করে লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত মিহিতা আক্তার কৃষক ও গবাদিপশু পালনকারী শরিফ শিকদারের স্ত্রী। তিনি এক ছেলে ও এক মেয়ের জননী।
মৃতের স্বজন আইরিন আক্তার জানান, মিহিতা আক্তার কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। মাঝেমধ্যে তিনি অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়তেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শারীরিক বা মানসিক অসুস্থতার কারণেই নদীতে নামার পর তিনি দুর্ঘটনার শিকার হয়ে থাকতে পারেন। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে, একইদিন বিকেল ৩টার দিকে উপজেলার বৌলতলী ইউনিয়নের কাজীপাড়া গ্রামে পুকুরের পানিতে ডুবে আরিফা নামে সাড়ে ৭ বছরের এক শিশুর মৃত্যু হয়। সে ওই এলাকার আওলাদ শেখের মেয়ে। পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে গেলে স্বজনরা তাকে উদ্ধার করেন। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।