হারারেতেও ভারতের জয়, হোয়াইটওয়াশ জিম্বাবুয়ে

হারারেতেও ভারতের জয়, হোয়াইটওয়াশ জিম্বাবুয়ে

সংগৃহীত

ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারল না জিম্বাবুয়ে। হারারের স্পোর্টস ক্লাবে রোববার (২৬ জুলাই) অনুষ্ঠিত তৃতীয় ও শেষ ম্যাচেও ৩৫ রানে হেরে ৩-০ ব্যবধানে সিরিজ খুইয়েছে স্বাগতিকরা। ফলে ঘরের মাঠে হোয়াইটওয়াশের তিক্ত স্বাদ নিয়েই সিরিজ শেষ করতে হলো সিকান্দার রাজার দলকে।

টস হেরে আগে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৯২ রান তোলে ভারত। ইনিংসের নায়ক ছিলেন তরুণ ওপেনার বৈভব সূর্যবংশী। ৪৯ বলে ৮১ রানের দুর্দান্ত ইনিংসে তিনি খেলেন ৮টি চার ও ৪টি ছক্কার মার। অভিষেক শর্মা দ্রুত ফিরলেও বৈভব ও ইশান কিশাণের ৭৫ রানের জুটি ভারতের বড় সংগ্রহের ভিত গড়ে দেয়। ইশান ২৬ বলে ২৯ রান করেন। পরে অধিনায়ক শ্রেয়াস আইয়ার ১৮ বলে ২৭ এবং রিংকু সিং মাত্র ১৪ বলে অপরাজিত ২৫ রানের ঝড়ো ইনিংস খেলেন।

১৯৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে জিম্বাবুয়ে। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ৭ উইকেটে ১৫৭ রানেই থামে তাদের ইনিংস। রায়ান বার্ল ৪৩ বলে অপরাজিত ৫৩ রান করলেও দলকে জয়ের পথে নিতে পারেননি। ওয়েসলি মাধেভেরে করেন ২৮ রান।


এর আগে সিরিজের প্রথম ম্যাচে ভারত ৭ উইকেটে এবং দ্বিতীয় ম্যাচে ৯০ রানের বড় ব্যবধানে জয় পেয়েছিল। শেষ ম্যাচেও একই আধিপত্য ধরে রেখে সফরকারীরা দাপটের সঙ্গে সিরিজ শেষ করল।