নওগাঁয় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীকে খুন, ঘাতক গ্রেফতার

নওগাঁয় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীকে খুন, ঘাতক গ্রেফতার

ছবিঃ সংগৃহীত।

পারিবারিক কলহের জের ধরে নওগাঁর ধামইরহাটে স্বামীর ছুরিকাঘাতে মোসা. মনিরা বেগম (২৬) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এঘটনায় ঘাতক স্বামী মো. ফরহাদ হোসেনকে (২৮) আটক করেছে ধামইরহাট থানা পুলিশ।

সোমবার (২৭ জুলাই) দুপুরে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে এ ঘটনাটি ঘটে। খুন হওয়া গৃহবধূ ধামাইরহাট উপজেলার উমার ইউনিয়নের অমরপুর গ্রামের মো. মাসুদ হোসেনের মেয়ে।

গ্রেপ্তার আসামি ফরহাদ হোসেন জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার আটুল গ্রামের হেলাল উদ্দিনের ছেলে।

নিহতের বোন মহসিনা বেগম জানান, তার দুলাভাই ফরহাদ হোসেন ঢাকায় রিকশা চালান এবং আমার বোন মনিরা বেগম তার দুই সন্তান নিয়ে আমার বাবার বাড়িতে বসবাস করেন। সোমবার ভোর রাতে আমার দুলাভাই ফরহাদ হোসেন ঢাকা থেকে আমাদের বাড়িতে আসেন। পরে চিকিৎসার জন্য আমি ও আমার বোনকে নিয়ে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভেতরে গেলে দুলাভাই বোনের সঙ্গে বাগ্‌বিতণ্ডা এক পর্যায়ে মনিরাকে ধারালো ছুরি দিয়ে শরীরে বিভিন্ন স্থানে আঘাত করেন। এতে ঘটনাস্থলে নিহত হয় মনিরা বেগম।

তিনি জানান, বেশ কিছুদিন ধরে আমার বোন-দুলাভাইয়ের মধ্যে সংসার জীবন নিয়ে পারিবারিক কলহ চলে আসছিল। তাদের সংসার জীবন খুব একটা ভালো ছিল না। তবে কেন হত্যা করেছে আমরা তা জানি না। আমরা এ হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিন্টু রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। গ্রেপ্তার অভিযুক্ত ফরহাদ হোসেনের বিরুদ্ধে নিহত মনিরা বেগমের পিতা মাসুদ হোসেন বাদী হয়ে ধামাইরহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। এ মামলায় ফরহাদ হোসেনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ বিকেলে তাকে নওগাঁ আদালতের সোপর্দ করা হবে।