ইতালির কোচ হচ্ছেন না পিরলো, জানালেন নিজেই
ছবি: ফাইল ফটো
ইতালির সাবেক বিশ্বজয়ী তারকা আন্দ্রেয়া পিরলো জানিয়েছেন, ইতালি জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হওয়ার দৌড় থেকে তিনি নিজেকে সরিয়ে নিতে বাধ্য হয়েছেন। একটি রাশিয়ান বেটিং কোম্পানির সাথে তাঁর বাণিজ্যিক চুক্তিকে কেন্দ্র করে তীব্র সমালোচনা ও আপত্তির মুখেই মূলত এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
৪৭ বছর বয়সী পিরলো স্প্যানিশ কোচ পেপ গার্দিওলা প্রস্তাব প্রত্যাখ্যান করার পর জেন্নারো গাত্তুসো-র উত্তরসূরি হিসেবে ইতালির হেড কোচ হওয়ার প্রধান দাবিদার হিসেবে আবির্ভূত হয়েছিলেন। তবে রাশিয়ার বুকমেকার সংস্থা 'ফনবেট' এর গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে তাঁর ভূমিকার বিষয়টি সামনে আসার পর বিতর্ক শুরু হয়। এতে ইতালি ফুটবল ফেডারেশনের বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা এবং দেশটির সংসদ সদস্যরা তীব্র আপত্তি জানান।
সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় পিরলো কোম্পানির সাথে তাঁর যুক্ত থাকার পক্ষে সাফাই গাওয়ার পাশাপাশি স্পষ্ট করেন যে, ইতালি জাতীয় দলের প্রধান কোচের দৌড় থেকে তাঁকে বাদ দেওয়া হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় পিরলো লেখেন, "গতকাল রাতে আমি জানতে পেরেছি যে ইতালি জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার প্রার্থী তালিকায় আমি আর নেই। এরপরই কয়েকটি বিষয় পরিষ্কার করা আমি আমার দায়িত্ব বলে মনে করছি। গত কয়েক দিন ধরে ইতালির হেড কোচ হওয়ার সম্ভাবনা ও আমার নাম ঘিরে যেভাবে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে, তা আমি ভীষণ তিক্ততার সাথে লক্ষ্য করেছি। প্রথমে একজন খেলোয়াড় এবং এখন একজন কোচ হিসেবে আমার পুরো ক্যারিয়ারে, আমি সবসময় যে দেশে কাজ করেছি সেখানকার আইন এবং যেসব চুক্তিতে স্বাক্ষর করেছি তা শতভাগ মেনে চলেই দায়িত্ব পালন করেছি।"
বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের প্রলিগ ক্লাব 'ইউনাইটেড এফসি'-র ম্যানেজারের দায়িত্বে থাকা পিরলো গত অক্টোবর মাসে 'ফনবেট'-এর সাথে অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হন। আর সেই চুক্তিই শেষ পর্যন্ত জাতীয় দলের ডাগআউটে ফেরার পথে বড় বাধা হয়ে দাঁড়াল।