মাদকে জড়িত পরিবারকে ফ্যামিলি কার্ডের বাইরে রাখার নির্দেশ এমপির

মাদকে জড়িত পরিবারকে ফ্যামিলি কার্ডের বাইরে রাখার নির্দেশ এমপির

সংগৃহীত ছবি

গাজীপুরের শ্রীপুরে গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু মাদকাসক্ত ব্যক্তি ও মাদকের সঙ্গে জড়িত পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতার বাইরে রাখার নির্দেশনা দিয়েছেন।

সোমবার (২৭ জুলাই) বেলা ১১টায় শ্রীপুর উপজেলা মাসিক আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং স্থানীয় জনপ্রতিনিধিরা।

সভায় অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু মাদকের বিভিন্ন কুফল তুলে ধরে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘নতুন বাংলাদেশ বিনির্মাণে মাদকাসক্তদের কোনো স্থান নেই। সমাজের সব স্তর থেকে মাদকাসক্তদের বয়কট করতে হবে।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে মাদকাসক্ত ব্যক্তি ও মাদকের সঙ্গে জড়িত পরিবারগুলোকে ফ্যামিলি কার্ডের আওতার বাইরে রাখার নির্দেশনা দেওয়া হচ্ছে। তবে তারা যদি মাদক সেবন ও বিক্রি থেকে বিরত থেকে সমাজের মূল ধারায় ফিরে আসতে পারেন, তাহলে বিষয়টি পুনর্বিবেচনা করে তাদের আবার ফ্যামিলি কার্ডের আওতায় আনার ব্যবস্থা করা হবে।’