খুলনায় গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার
প্রতিকি ছবি
নগরীর আড়ংঘাটা এলাকায় একটি ঘের থেকে ইমন শেখ (২১) নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় আড়ংঘাটা থানা এলাকার রেলস্টেশনের দক্ষিণ পাশে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ইমন শেখ আড়ংঘাটা এলাকার পাহাড়পুর গ্রামের সোবহান শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে স্থানীয় লোকজন রেলস্টেশনের পাশের একটি ঘেরে ইমনের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
আড়ংঘাটা থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, ইমনের মাথায় গুলির একটি চিহ্ন পাওয়া গেছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে