বিলের পানিতে ডুবে যুবকের মৃত্যু

বিলের পানিতে ডুবে যুবকের মৃত্যু

প্রতিকি ছবি

বরিশালের উজিরপুরে লাল শাপলা বিলে ঘুরতে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে বলে উজিরপুর মডেল থানার ওসি মুহা. রাকিবুল ইসলাম জানিয়েছেন। 

মৃত মো. রাকিবুল ইসলাম (২১) পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার মাদ্রা ঝালকাঠি গ্রামের মো. হালিমের ছেলে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, বন্ধুদের সাথে সাতলা লাল শাপলা বিলে ঘুরতে আসে রাকিবুল ইসলাম। সাঁতার না জানার কারনে সে নৌকা থেকে পড়ে গভীর পানিতে তলিয়ে যায়। বন্ধুরা বিষয়টি টের পেয়ে স্থানীয়দের নিয়ে দ্রুত উদ্ধার তৎপরতা চালিয়ে তাকে পানির নিচ থেকে উদ্ধার করেন। পরে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উজিরপুর মডেল থানার ওসি মুহা. রাকিবুল ইসলাম বলেন, সাতলা বিলের পানিতে ডুবে একজনের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিলো। দুর্গম এলাকা হওয়ার পুলিশ যাওয়ার পূর্বে স্বজনরা লাশ নিয়ে চলে গেছে। যেহেতু এটা দুর্ঘটনা, তাই কারো কোন অভিযোগও নেই। তাই পুলিশ লাশ উদ্ধার করেনি। তবে অভিযোগ পেলে তদন্ত করে দেখা হবে। 

উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা জানান, লাল শাপলা বিলে একজন পর্যটকের মৃত্যু অত্যন্ত মর্মান্তিক ও দুঃখজনক। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সর্বদা সচেষ্ট। সবাইকে জলাশয়ে নামার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।