চার দিনের সফরে বাংলাদেশে আসছেন দেওবন্দের মুহতামিম

চার দিনের সফরে বাংলাদেশে আসছেন দেওবন্দের মুহতামিম

ছবি: সংগৃহীত

ভারতের ঐতিহ্যবাহী ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের মুহতামিম ও শায়খুল হাদিস আল্লামা মুফতি আবুল কাসেম নোমানী চার দিনের সফরে বাংলাদেশে আসছেন। আগামী ৪ আগস্ট তিনি ঢাকায় পৌঁছাবেন।

সফরকালে তিনি রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আয়োজিত ইলমি সেমিনার, ইসলাহি মাহফিল ও ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেবেন এবং দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন।

আবুল কাসেম নোমানীর সফর বাস্তবায়ন কমিটির জ্যেষ্ঠ সদস্য ও খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের মহাসচিব মাওলানা নাসীরুল্লাহ জানান, এ সফরকে ঘিরে দেশের আলেম-ওলামা, শিক্ষক-শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মানুষের মধ্যে আগ্রহ রয়েছে।

সফরসূচি অনুযায়ী, আগামী ৪ আগস্ট ভারতের দিল্লি থেকে ইন্ডিগো এয়ারলাইনসের একটি ফ্লাইটে দুপুর ১২টা ৩৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন মুফতি আবুল কাসেম নোমানী। এরপর তিনি রাজধানীতে অবস্থান করবেন এবং রাতে মুফতি জহিরুল ইসলামের বাসভবনে থাকবেন।

৫ আগস্ট সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত রাজধানীর ফার্মগেটের খামারবাড়ির কেআইবি কমপ্লেক্সে ‘মুআসসাসা ইলমিয়্যাহ বাংলাদেশ’-এর উদ্যোগে আয়োজিত ইলমি সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি।

সেমিনারের বিষয় নির্ধারণ করা হয়েছে ‘হাদিস অনুসরণে সালাফের কর্মপন্থা: প্রসঙ্গ জামে তিরমিজি ও কিফায়াতুল মুগতাযি’।

দুপুরে তিনি মিরপুরের জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদে মধ্যাহ্নভোজ ও বিশ্রাম নেবেন। বিকেল ৩টায় একই প্রতিষ্ঠানে উলামায়ে কেরামের উদ্দেশে বিশেষ নসিহত করবেন। পরে বাদ মাগরিব রাজধানীর বসুন্ধরার মারকাজুল ফিকরিল ইসলামিতে আয়োজিত ইসলাহি মাহফিলে অংশ নেবেন।

৬ আগস্ট সকাল ১০টায় হেলিকপ্টারযোগে বগুড়ার উদ্দেশে রওনা হবেন তিনি। পরে সেখান থেকে পিরোজপুরে গিয়ে আশরাফুল মাদারিসে আয়োজিত ‘তাহাফফুজে ফিকরে আকাবির’ শীর্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন।

বাদ আসর ঢাকায় ফিরে রাতে উত্তরায় উলামা ও আইম্মা কাউন্সিল আয়োজিত ‘দেওবন্দের ঐতিহ্য ও খিদমত’ শীর্ষক সম্মেলনে বক্তব্য রাখবেন তিনি।

চার দিনের সফরের শেষ দিন ৭ আগস্ট জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজ আদায় করবেন এবং মুসল্লিদের উদ্দেশে বয়ান প্রদান করবেন। পরে বিকেল ৪টা ৩০ মিনিটে ইন্ডিগো এয়ারলাইনসের একটি ফ্লাইটে দিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন মুফতি আবুল কাসেম নোমানী।