কার্যালয়ে ডেকে দুজন মিলে ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, যুবক কারাগারে
প্রতীকী ছবি
পবায় নওহাটা বাজারের ‘ম্যাঙ্গো লাভার’ নামের একটি ই-কমার্স প্রতিষ্ঠানের কার্যালয়ে এক তরুণীকে (২১) ধর্ষণের চেষ্টার মামলার অভিযোগে রিপন আলী (৩০) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তিনি ম্যাঙ্গো লাভারের একজন কর্মচারী এবং প্রতিষ্ঠানটির কর্ণধার মুরাদ পারভেজের খালাতো ভাই। বাড়ি পবা উপজেলার পুঠিয়াপাড়া গ্রামে।
পবা থানার ওসি আব্দুল মতিন বলেন, ভিকটিম তরুণীর অভিযোগের ভিত্তিতে তিনজনকে আসামি করা হয়েছে। ধর্ষণ চেষ্টায় সহযোগিতার অভিযোগে রিপন আলীকে আসামি করা হয়েছিল। রোববার রাতে নিজের বাড়ি থেকেই রিপন আলীকে গ্রেফতার করা হয়। সোমবার সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
জানা গেছে, কয়েক দিন আগে রাজশাহী কলেজের এক শিক্ষার্থী তিনজনের বিরুদ্ধে পবা থানায় মামলাটি করেন। এতে প্রধান আসামি করা হয় ম্যাঙ্গো লাভারের কর্ণধার মুরাদ পারভেজকে। মামলার অপর আসামি শের আলী দুলাল তার বন্ধু। শের আলীর বাড়ি ঢাকায়।
এজাহার অনুযায়ী, রিপন আলীর মাধ্যমে শের আলী দুলালের সঙ্গে তরুণীর পরিচয় হয়। তাদের মধ্যে বিয়ের বিষয়ে আলোচনা চলছিল। গত ২১ জুলাই শের আলী ঢাকা থেকে রাজশাহী আসেন। পরে নওহাটা বাজারে অবস্থিত ম্যাঙ্গো লাভারের কার্যালয়ে তাদের দেখা হয়। সেখানে শের আলী দুলাল ও মুরাদ পারভেজ ওই তরুণীকে ধর্ষণের চেষ্টা করেন বলে তার অভিযোগ।