ক্যাশলেস সেবায় যাচ্ছে গ্রামীণ ব্যাংক

ক্যাশলেস সেবায় যাচ্ছে গ্রামীণ ব্যাংক

সংগৃহীত

তৃণমূল পর্যায়ে আর্থিক লেনদেনকে আরো স্বচ্ছ, নিরাপদ ও প্রযুক্তিনির্ভর করতে ক্যাশলেস সেবা চালুর উদ্যোগ নিয়েছে গ্রামীণ ব্যাংক। এ লক্ষ্যে গ্রামীণ টেলিকমের সহযোগী প্রতিষ্ঠান সমাধান সার্ভিসেস লিমিটেডের সঙ্গে যৌথভাবে ডিজিটাল লেনদেন প্ল্যাটফর্ম চালু করছে প্রতিষ্ঠানটি।

এ উপলক্ষে সম্প্রতি গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ে ‘জিপে’ (GPay) এক্সপেরিয়েন্স বুথ উদ্বোধনের মাধ্যমে নতুন এ সেবার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

অনুষ্ঠানে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান ড. আবদুল হান্নান চৌধুরী বলেন, তৃণমূল পর্যায়ে আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত এবং নগদ লেনদেনে স্বচ্ছতা আনতে ডিজিটাল পদ্ধতির বিকল্প নেই।

তিনি বলেন, প্রায় পাঁচ দশকের পথচলার পর আগামী দিনের বৈশ্বিক আর্থিক ব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে চলতে প্রযুক্তিনির্ভর রূপান্তর অপরিহার্য।

গ্রামীণ গ্রুপের চেয়ারম্যান মো. আশরাফুল হাসান বলেন, ক্ষুদ্রঋণ কার্যক্রমের প্রয়োজন বিবেচনায় সর্বোচ্চ সাইবার নিরাপত্তা নিশ্চিত করে প্ল্যাটফর্মটি তৈরি করা হয়েছে। এর মাধ্যমে গ্রামীণ ব্যাংকের সদস্যরা ঘরে বসেই নিরাপদভাবে কিস্তি পরিশোধ ও সঞ্চয়ের অর্থ জমা দিতে পারবেন।

গ্রামীণ ব্যাংকের পরিচালক নাজনীন সুলতানা বলেন, অতীতে ডিজিটালাইজেশনের বিভিন্ন উদ্যোগ নেওয়া হলেও এবারই প্রথম প্রতিষ্ঠানটি পূর্ণাঙ্গ ক্যাশলেস সেবা বাস্তবায়নের পথে এগোচ্ছে।

ব্যবস্থাপনা পরিচালক সরদার আকতার হামিদ জানান, সমাধান সার্ভিসেসের ‘জিপে’ অ্যাপ ব্যবহার করে গ্রামীণ ব্যাংকের কিস্তি ও আমানত সংগ্রহ কার্যক্রম ধাপে ধাপে নগদহীন করা হবে। অ্যাপটি ইতোমধ্যে প্লে স্টোরে পাওয়া যাচ্ছে এবং এর মাধ্যমে গ্রাহকরা তাৎক্ষণিকভাবে লেনদেন সম্পন্ন ও যাচাই করতে পারবেন।

সমাধান সার্ভিসেস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. আহমদ আরমান সিদ্দিকী বলেন, ব্যবহারকারীদের সহায়তায় ২৪ ঘণ্টা হেল্পলাইন ও সাপোর্ট ব্যবস্থা চালু রাখা হয়েছে। বাংলা কিউআর কোডসহ বিভিন্ন ডিজিটাল সুবিধা সংযুক্ত করে অ্যাপটিকে একটি পূর্ণাঙ্গ ডিজিটাল ওয়ালেট হিসেবে গড়ে তোলা হয়েছে।

অনুষ্ঠানে গ্রামীণ ব্যাংকের পরিচালক, উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং সমাধান সার্ভিসেস লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।