রাজবাড়ীতে গৃহবধূর লাশ উদ্ধার
প্রতিকি ছবি
রাজবাড়ী কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নে বিলনৌছি গ্রাম থেকে আরজিনা খাতুন (৩০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আারজিনা বিলনৌছি গ্রামের সুলতান আলী বিশ্বাসের মেয়ে ও একই গ্রামের আমিন শেখের স্ত্রী। মঙ্গলবার ভোরে নিজ বসতঘরের শয়নকক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৭ জুলাই) রাত আনুমানিক ১০টার দিকে রাতের খাবার খেয়ে স্বামী আমিন শেখ, তাদের সাত মাস বয়সী ছেলে আরিয়ান এবং আরজিনা খাতুন ঘুমিয়ে পড়েন।
মঙ্গলবার ভোর আনুমানিক ৪টার দিকে আমিন শেখের ঘুম ভাঙলে তিনি দেখতে পান, ঘরের কাঠের আড়ার সঙ্গে সুতার রশি দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছেন তার স্ত্রী। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আরজিনাকে নিচে নামালে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
রাজবাড়ী জেলা পুলিশের উপ-পরিদর্শক এসআই নজমুল হুদা বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।