দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে মারা যাওয়া ছয়জনের একজন মুন্সীগঞ্জে রাজিক ব্যাপারী
প্রতিকি ছবি
দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে মুন্সীগঞ্জের একজন রয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। তিনি মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার দক্ষিণ কালিন্দিপাড়া এলাকার মৃত সালাম ব্যাপারীর ছেলে রাজিক ব্যাপারী (৫২)। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবার ও এলাকায় নেমে আসে শোকের ছায়া।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউন (বর্তমান কোমানি) থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরের সমো এলাকায় একটি দোকানে ভয়াবহ আগুনের ঘটনা ঘটে। আগুন লাগার সময় দোকানের ভেতরে থাকা আবাসিক কক্ষে সাতজন ঘুমিয়ে ছিলেন। তাদের মধ্যে ছয়জন বাংলাদেশি আগুনে পুড়ে মারা যান।
পরিবারের সদস্যরা জানান, মাত্র আড়াই মাস আগে জীবিকার সন্ধানে দক্ষিণ আফ্রিকায় যান রাজিক। সেখানে একটি দোকানে কর্মচারী হিসেবে কাজ করছিলেন। পরিবারের আর্থিক অবস্থার উন্নতি এবং সন্তানদের ভবিষ্যৎ নিশ্চিত করার স্বপ্ন নিয়েই তিনি প্রবাসে পাড়ি জমিয়েছিলেন। কিন্তু সেই স্বপ্নের নির্মম পরিণতি হলো অগ্নিকাণ্ডে মৃত্যু।
কান্নাবিজড়িত কণ্ঠে নিহতের বোন ফাতেমা বলেন, আমার ভাইয়ের তিনটি মেয়ে রয়েছে। তার স্ত্রী বর্তমানে অন্তঃসত্ত্বা। সংসারের হাল ধরতে এবং পরিবারের মুখে হাসি ফোটাতে বিদেশে গিয়েছিল। মঙ্গলবার সকালে আগুন লাগার খবর পাই। পরে জানতে পারি, আমার ভাই আর বেঁচে নেই। এখন আমার ভাতিজিদের কী হবে?
নিহতের ভাই সালাম ব্যাপারী বলেন, শুনেছি আমার ভাইয়ের মরদেহ আগুনে পুড়ে কঙ্কাল হয়ে গেছে। সরকারের কাছে আমাদের একটাই দাবি, যেন অন্তত তার মরদেহ দেশে এনে আমাদের কাছে হস্তান্তর করা হয়।
রাজিক ব্যাপারীর মৃত্যুর খবরে দক্ষিণ কালিন্দিপাড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজন, প্রতিবেশী ও স্থানীয়রা গভীর শোক প্রকাশ করেছেন এবং দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।