ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন
সংগৃহীত ছবি
‘পরিবার, সমাজ ও দেশ বাঁচাতে, মাদক রুখতে হবে একসাথে’ প্রতিপাদ্যে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার বঙ্গসোনাহাট বাজার এলাকায় ঘণ্টাব্যাপী এই কর্মসূচি আয়োজন করে বঙ্গসোনাহাট ইউনিয়নবাসী।
মাদকের আগ্রাসন রুখতে কর্মসূচিতে অংশগ্রহণকারীদের শপথবাক্য পাঠ করান কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম।
মানববন্ধনে বক্তারা বলেন, বঙ্গসোনাহাট ইউনিয়নে হাত বাড়ালেই মাদক পাওয়া যায়। মাদকের ছড়াছড়ি কিশোর, তরুণ ও যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। মাদক সেবনকারীরা বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ছে। পরিবার, সমাজ ও ইউনিয়নে অশান্তি ও বিশৃঙ্খলা বাড়ছে। মাদক কারবারিদের আইনের আওতায় আনতে না পারলে মাদক নির্মূল করা যাবে না। এ সময় তার মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
মানববন্ধনে কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির আজিজুর রহমান সরকার স্বপন, সোনাহাট মহাবিদ্যালয়ের অধ্যক্ষ বাবুল আক্তার, ভূরুঙ্গামারী থানার ওসি আজিমুদ্দিন, সোনাহাট বালিকা উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক মিজানুর রহমান নান্নু, সোনাহাট ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেন ব্যাপারী, উপজেলা জামায়াতের যুব বিভাগ সভাপতি আবু হেনা মাসুম ও সোনাহাট ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাকসহ আরো অনেকে বক্তব্য রাখেন।
মানববন্ধনে বঙ্গসোনাহাট ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন