শুটিং সেটে দুর্ঘটনায় গুরুতর আহত জুনিয়র এনটিআর
জুনিয়র এনটিআর
দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা জুনিয়র এনটিআর শুটিং সেটে দুর্ঘটনায় কাঁধে গুরুতর আঘাত পেয়েছেন। সোমবার একটি অ্যাকশন দৃশ্যের শুটিং চলাকালে এ দুর্ঘটনা ঘটে। পরে তাঁকে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে নেওয়া হয়।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি’র সংবাদে এ খবর জানানো হয়েছে।
অভিনেতার অফিসিয়াল টিম এক বিবৃতিতে জানিয়েছে, চিকিৎসক ড. জে. মধুসূদন রাও ও ড. আর. এ. পুরমচন্দ্র তেজস্বীর নেতৃত্বাধীন মেডিকেল টিম তাঁর শারীরিক অবস্থা পরীক্ষা করে আগামী ৬ থেকে ৮ সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছে। এ সময় তিনি সব ধরনের শুটিং ও কাজ থেকে বিরত থাকবেন।
বিবৃতিতে ভক্তদের উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়ে বলা হয়েছে, তাঁর অবস্থা স্থিতিশীল এবং দ্রুত সুস্থ হয়ে ওঠার আশা করছেন চিকিৎসকরা। শারীরিক অবস্থার অগ্রগতি সম্পর্কে সময়মতো আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলেও উল্লেখ করা হয়েছে।
প্রাথমিকভাবে জানা গেছে, পরিচালক প্রশান্ত নীলের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ড্রাগন’–এর শুটিং চলাকালেই দুর্ঘটনাটি ঘটে। তবে ঠিক কোন দৃশ্য ধারণের সময় তিনি আহত হয়েছেন, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
‘কেজিএফ’ ও ‘সালার’ খ্যাত নির্মাতা প্রশান্ত নীল পরিচালিত এই গ্যাংস্টার ড্রামায় ‘লুগার’ নামে এক নির্মম ভাড়াটে খুনির চরিত্রে অভিনয় করছেন জুনিয়র এনটিআর। তাঁর বিপরীতে ভারতের নারকোটিক্স ব্যুরোর প্রধানের চরিত্রে রয়েছেন বলিউড অভিনেতা অনিল কাপুর। ছবিটিতে আরও অভিনয় করছেন রুক্মিণী বসন্ত, আশুতোষ রানা, খুশবু সুন্দরসহ আরও অনেকে।
গত মে মাসে জুনিয়র এনটিআরের জন্মদিন উপলক্ষে ছবিটির ফার্স্ট লুক প্রকাশ করা হয়। নির্মাতারা জানিয়েছেন, বিশাল বাজেটের এই সিনেমা ২০২৭ সালের ১১ জুন বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।