গাজীপুরে বিনা হর্নে গাড়ি চালানোর নির্দেশ ডিসির

গাজীপুরে বিনা হর্নে গাড়ি চালানোর নির্দেশ ডিসির

সংগৃহীত ছবি

গাজীপুরে শব্দদূষণ কমিয়ে আনতে অপ্রয়োজনীয় হর্ন ব্যবহার না করেই চলাচলের জন্য নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া। বুধবার(২৯ জুলাই) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই নির্দেশ দেন।

সভায়, গাড়ির চালকদের অপ্রয়োজনীয় এবং জরুরি পরিস্থিতি ছাড়া হর্ন ব্যবহার না করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

প্রশাসনের কর্মকর্তাদের মতে, অযথা হর্নের কারণে প্রতিদিনই শহরের বিভিন্ন এলাকায় শব্দদূষণ বেড়ে যাচ্ছে। এতে শিক্ষার্থী, রোগী, বয়স্ক মানুষসহ সাধারণ নাগরিকরা নানা ধরনের ভোগান্তির শিকার হচ্ছেন। তাই সরকারি যানবাহন থেকেই সচেতনতার উদাহরণ তৈরি করতে চায় জেলা প্রশাসন।

এ  লক্ষ্যে সকালে জেলার বিভিন্ন সড়ক ও মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সরকারি-আধাসরকারি কর্মকর্তাদের শব্দদূষণ কমাতে সচেতন করেন। এ সময় বিভিন্ন বাস, লেগুনা, সিএনজি ও অটোরিকশা চালকদের সচেতনতা হিসেবে আগামী ১২ সপ্তাহের মধ্যে গাজীপুর নগরকে হর্নমুক্ত করার জন্য সর্তক বার্তা দেওয়া হয়।

এর আগে সকালে জেলা প্রশাসকের ভাওয়াল সম্মেলন এর পক্ষে জেলার সরকারি দপ্তরের সকল কর্মকর্তাদের নিয়ে একটি মতবিনিময় সভা করেন জেলা প্রশাসক। সভায় সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দিয়ে বলা হয়েছে প্রথমে গাজীপুরের সরকারি গাড়িগুলো হর্নমুক্ত করা হবে। পরবর্তীতে জেলার প্রতিটি গাড়ি চলবে বিনা হর্নে। এ সময় সভায় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।