বায়ুদূষণের শীর্ষে কাম্পালা, বৃষ্টির মধ্যেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
ফাইল ছবি
রাজধানীতে সারারাত ধরে বৃষ্টি হলেও বায়ুদূষণের মাত্রা কমেনি। আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার-এর তথ্য অনুযায়ী, বিশ্বের দূষিত শহরের তালিকায় আবারও শীর্ষ ১০-এর মধ্যে জায়গা করে নিয়েছে ঢাকা।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল সোয়া ৯টায় ১১৯ এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় নবম স্থানে রয়েছে ঢাকা।
একিউআই মানদণ্ড অনুযায়ী, ১১৯ স্কোরকে ‘সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে শ্রেণিভুক্ত করা হয়। এই মানের বাতাসে সাধারণ মানুষের খুব বড় ক্ষতির আশঙ্কা না থাকলেও শিশু, বয়স্ক ব্যক্তি এবং হৃদরোগ ও ফুসফুসের জটিলতায় ভোগা রোগীদের জন্য সুনির্দিষ্ট স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
তালিকায় আজ ১৭৩ একিউআই স্কোর নিয়ে বৈশ্বিক দূষণের শীর্ষে অবস্থান করছে উগান্ডার রাজধানী কাম্পালা। ১৬৯ স্কোর নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার মেদান ও মিসরের কায়রো। এছাড়া ১৬৬ স্কোর নিয়ে কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের কিনশাসা শীর্ষ তিনের পরপরই অবস্থান করছে।
বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক ৫০-এর নিচে থাকলে বিশুদ্ধ বাতাস ধরা হয়। ৫১ থেকে ১০০ হলে তা সহনীয়। ১০১ থেকে ১৫০-এর মধ্যে হলে সতর্কতামূলক বা সংবেদনশীল মানুষের (শিশু ও বয়স্ক ব্যক্তি) জন্য অস্বাস্থ্যকর। ১৫১ থেকে ২০০ হলে সবার জন্য অস্বাস্থ্যকর এবং সূচক ২০১ থেকে ৩০০ হলে বাতাসকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। আর সূচক ৩০০ ছাড়ালে সেই বাতাস দুর্যোগপূর্ণ।