মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত
ফাইল ছবি
কিশোরগঞ্জের কটিয়াদীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ইয়াছিন মিয়া (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল পাঁচটার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের গাঙকুলপাড়া মাদ্রাসাসংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত ইয়াছিন মিয়া আচমিতা ইউনিয়নের ইন্দাইল চারিপাড়া গ্রামের জসিম উদ্দীনের ছেলে। পেশায় তিনি ব্যাটারিচালিত অটোরিকশাচালক।
স্থানীয় সূত্রে জানা গেছে, বন্ধুর মোটরসাইকেল নিয়ে পুলেরঘাট বাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন ইয়াছিন। মোটরসাইকেলটি দ্রুতগতিতে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে। এতে মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কটিয়াদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদি মাসুদ বলেন, মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া নেওয়া হচ্ছে। দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত শেষে জানা যাবে।