ব্রাহ্মণবাড়িয়ায় ২৬টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ৯০ হাজার টাকা
সংগৃহীত ছবি
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার উত্তর সুহিলপুর এলাকায় অভিযান চালিয়ে ২৬টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল)। একই সঙ্গে অবৈধ সংযোগ নেওয়ার দায়ে পাঁচজনকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্রাহ্মণবাড়িয়া এরিয়া বিতরণ কার্যালয়ের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিন্স সরকার। বিষয়টি নিশ্চিত করেছে বিজিডিসিএলের কুমিল্লা কার্যালয়ের জনসংযোগ বিভাগ।
অভিযানে অবৈধ ২৬টি গ্যাস সংযোগের রাইজার উচ্ছেদ করে কর্তন ও ওয়েল্ডিংয়ের মাধ্যমে স্থায়ীভাবে বিচ্ছিন্ন করা হয়। পাশাপাশি প্রায় ৩০০ মিটার অবৈধ গ্যাস লাইন অপসারণ করা হয়। এ সময় পাঁচটি গ্যাস রেগুলেটর, প্রায় ৪০০ মিটার তিন-চতুর্থাংশ ইঞ্চি এমএস পাইপ এবং ২০ মিটার প্লাস্টিকের হোজ পাইপ জব্দ করা হয়। অভিযানের আগে কয়েকজন গ্রাহক তাঁদের ব্যবহৃত গ্যাস রেগুলেটর খুলে ফেলেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ভ্রাম্যমাণ আদালতে অবৈধ গ্যাস সংযোগ গ্রহণের দায়ে পাঁচজনকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়েছে।
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির কর্মকর্তারা বলেন, অবৈধ গ্যাস সংযোগের কারণে রাষ্ট্রীয় সম্পদের অপচয়ের পাশাপাশি নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়। এসব অনিয়ম প্রতিরোধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত ও বিশেষ অভিযান পরিচালনা করা হবে।