কেরানীগঞ্জে ছুরিকাঘাতে অটোরিকশা চালক নিহত

কেরানীগঞ্জে ছুরিকাঘাতে অটোরিকশা চালক নিহত

প্রতিকি ছবি

ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার হযরতপুর ইউনিয়নের ভাটারাকান্দি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে লিয়াকত আলী (৬০) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত লিয়াকত আলী হযরতপুর ইউনিয়নের ভাটারাকান্দি গ্রামের বাসিন্দা। তিনি মৃত জনব আলীর ছেলে এবং পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন।


স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের আগে অটোরিকশা নিয়ে বের লিয়াকত আলী। এ সময় বাড়ির পাশেই দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে সকালে তার বসতঘরের সামনে রক্তাক্ত অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন।খবর পেয়ে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল কুদ্দুস বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।