মমেক হাসপাতালে হাম উপসর্গে আরো এক শিশুর মৃত্যু

মমেক হাসপাতালে হাম উপসর্গে আরো এক শিশুর মৃত্যু

প্রতিকী ছবি

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো এক শিশুর মৃত্যু হয়েছে।এনিয়ে হাসপাতালটিতে হাম ও উপসর্গ নিয়ে মারা যাওয়া শিশুর সংখ্যা দাড়িয়েছে ৬৭ জনে।

শনিবার (১ আগস্ট) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মো. মাইনউদ্দিন খান এ তথ্য জানান।

তিনি বলেন, ‍“মারা যাওয়া মেয়ে শিশুর বয়স ১০ মাস। তার বাড়ি নেত্রকোণার কেন্দুয়ায়। শিশুটির হামের পাশাপাশি সংক্রমণ জনিত রক্তচাপ ও নিউমোনিয়ায় আক্রান্ত ছিল।”

এদিকে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরো ১৩ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ১২শিশু।
বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আছে ৮৭ শিশু। গত ১৭ মার্চ থেকে এ পর্যন্ত হাসপাতালে হাম উপসর্গ নিয়ে ৩ হাজার ১৩৬ শিশু চিকিৎসা নিয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২ হাজার ৯৮২ শিশু।

চিকিৎসকরা জানিয়েছেন হাম অত্যন্ত ছোঁয়াছে হওয়ায় নিয়ন্ত্রণে আসছে না। আর হাসপাতালে চিকিৎসাধীম অধিকাংশ শিশুর টিকা নেওয়া হয়নি বা টিকা নেওয়ার বয়স হয়নি। তাছাড়া যেসব শিশুরা অপুষ্টিতে ভুগছে তাদের হামের ঝুঁকি সবচেয়ে বেশি দেখা গেছে।