“মিরপুর-১০ ও ফার্মগেট স্টেশনে রহস্যময় বস্তা, ভয়ের কিছু নাই”

“মিরপুর-১০ ও ফার্মগেট স্টেশনে রহস্যময় বস্তা, ভয়ের কিছু নাই”

ছবিঃ সংগৃহীত।

রাজধানীর মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশন এলাকায় শনিবার (১ আগস্ট) সকালে দুটি পরিত্যক্ত বস্তু উদ্ধারকে কেন্দ্র করে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে পরীক্ষা-নিরীক্ষা শেষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানিয়েছে, দুটি বস্তুর কোনোটিতেই বিস্ফোরক বা বিপজ্জনক কিছু পাওয়া যায়নি। নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে পুলিশ।

ডিএমপির তথ্য অনুযায়ী, মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনে একটি সন্দেহজনক ব্যাগ পড়ে থাকার খবর পেয়ে সংশ্লিষ্ট থানা পুলিশ, ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে।

প্রাথমিকভাবে ব্যাগটি এক্স-রে স্ক্যান করলে ভেতরে কৌটাসদৃশ একটি বস্তু দেখা যায়। পরে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুসরণ করে ফ্র্যাঞ্জিবল ডিসরাপ্টর ব্যবহার করে সেটি নিরাপদে নিষ্ক্রিয় করা হয়। এরপর ব্যাগটি খুলে দেখা যায়, এর মধ্যে একটি জর্দার কৌটা ও পান ছাড়া আর কিছুই নেই। কোনো বিস্ফোরক বা ক্ষতিকর উপাদান পাওয়া যায়নি।

একই সময়ে তেজগাঁও থানার আওতাধীন ফার্মগেট এলাকায় একটি পরিত্যক্ত বস্তাকে ঘিরেও বোমা থাকার সন্দেহ দেখা দেয়। খবর পেয়ে বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা নিশ্চিত করে হ্যান্ড এন্ট্রি পদ্ধতিতে বস্তাটি পরীক্ষা করে। পরীক্ষায় নিশ্চিত হওয়া যায়, এর ভেতরেও কোনো ধরনের বিস্ফোরক বা ঝুঁকিপূর্ণ বস্তু নেই।

ডিএমপি জানিয়েছে, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। সন্দেহজনক কোনো বস্তু বা পরিস্থিতি চোখে পড়লে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর পাশাপাশি গুজব বা যাচাই-বাছাইহীন তথ্য ছড়িয়ে আতঙ্ক সৃষ্টি না করার আহ্বান জানিয়েছে পুলিশ।