অন্তর্বাসে লুকিয়ে স্বর্ণ পাচারের চেষ্টা, ভারতীয় নাগরিক আটক
প্রতিকি ছবি
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৪২৭ গ্রাম স্বর্ণসহ এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। ওই যাত্রী তার অন্তর্বাসের ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে স্বর্ণ বহন করছিলেন। শনিবার( ১ আগস্ট) সকালে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম খলিল।
আটক যাত্রীর নাম তামিম আনসারী। তিনি ভারতের তামিলনাড়ুর চেন্নাইয়ের বাসিন্দা এবং নিজেকে কাপড় ব্যবসায়ী হিসেবে পরিচয় দিয়েছেন বলে জানান বিমানবন্দরের এই কর্মকর্তা।
বিমাবন্দর সূত্রে জানা গেছে, সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে আসা ওই যাত্রীকে কাস্টমস হলের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় কর্মরত গোয়েন্দা কর্মকর্তারা তল্লাশি করেন। এ সময় তার অন্তর্বাসের ভেতরে ক্যাপসুল আকারে লুকিয়ে রাখা ৪২৭ গ্রাম স্বর্ণ পাওয়া যায়, যার বাজারমূল্য আনুমানিক প্রায় ৮২ লাখ টাকা।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা জানান, স্বর্ণের চালানটি জব্দ করা হয়েছে এবং চোরচালানের অভিযোগে আটক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।