সিদ্ধিরগঞ্জে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

সিদ্ধিরগঞ্জে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রতিকি ছবি

 

‎‎নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কঠিন বর্জ্য ব্যবস্থাপনা ইউনিট (ডাম্পিং) সংলগ্ন একটি পুকুর থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির (প্রায় ৫৫) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রায় ১০ থেকে ১২ দিন আগে তার মৃত্যু হয়েছে।  

‎শনিবার (১ আগস্ট) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানাধীন নাসিকের ৯ নম্বর ওয়ার্ডের জালকুড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

‎পুলিশ জানায়, স্থানীয় লোকজন পুকুরের পানিতে একটি মরদেহ ভাসতে দেখে সিদ্ধিরগঞ্জ থানায় খবর দেন।

সংবাদ পেয়ে থানার এসআই মো. শাহ আলম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পরিচয় শনাক্তের লক্ষ্যে ঘটনাস্থলে সিআইডির একটি বিশেষজ্ঞ দল উপস্থিত হয়ে মরদেহের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহের চেষ্টা করলেও পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

‎সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক জানান, মরদেহটি অর্ধগলিত অবস্থায় ছিল। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নির্ণয় করা সম্ভব হয়নি।

ময়না তদন্তের জন্য মরদেহটি নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।