ভেদরগঞ্জে হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী: দুই ক্লিনিক বন্ধ, দুই চিকিৎসককে শোকজ

ভেদরগঞ্জে হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী: দুই ক্লিনিক বন্ধ, দুই চিকিৎসককে শোকজ

সংগৃহীত ছবি

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শনিবার দুপুরে কোনো পূর্বঘোষণা ছাড়াই তিনি এ পরিদর্শনে যান। এ সময় চিকিৎসায় গাফিলতি ও অনিয়ম হলে চাকরি থেকে বরখাস্তসহ প্রশাসনিক ব্যবস্থার হুঁশিয়ারি দেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বিভিন্ন ওয়ার্ড, জরুরি বিভাগ, বহির্বিভাগ ও ওষুধ সরবরাহ কার্যক্রম ঘুরে দেখেন। রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার মান সম্পর্কে খোঁজখবর নেন এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি ও দায়িত্ব পালনের বিষয়টি পর্যবেক্ষণ করেন।

স্বাস্থ্যকর্মীদের উদ্দেশে তিনি বলেন, দায়িত্ব পালনে অনিয়ম বা গাফিলতির কোনো সুযোগ নেই। অনিয়ম অব্যাহত থাকলে টার্মিনেশন কিংবা সাসপেনশনের মতো কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে তিনি জনসেবার মান বাড়াতে আন্তরিকতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

তিনি আরও বলেন, ‘জুলাই অভ্যুত্থানের পর জনগণের যে প্রত্যাশা তৈরি হয়েছে, তা পূরণে সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

পরিদর্শন শেষে হাসপাতালের সামনে অবস্থিত দুটি বেসরকারি ক্লিনিকে অভিযান চালিয়ে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সেগুলো সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। এছাড়া অফিস চলাকালীন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে দুই চিকিৎসককে শোকজ করার নির্দেশ দেন মন্ত্রী।