কক্সবাজারে প্যারাসেইলিং প্রতিষ্ঠানে অভিযান, পালিয়েছে কর্মচারীরা

কক্সবাজারে প্যারাসেইলিং প্রতিষ্ঠানে অভিযান, পালিয়েছে কর্মচারীরা

সংগৃহীত ছবি

 

কক্সবাজারের দরিয়ানগর সৈকতে প্যারাসেইলিং করতে গিয়ে শৌভিক রায় (৩০) নামে এক পর্যটকের মৃত্যুর ঘটনায় প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে। ঘটনার পর সংশ্লিষ্ট প্যারাসেইলিং প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মালামাল জব্দ করা হয়েছে। একই সঙ্গে কাগজপত্র যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন।

 

শনিবারের এ দুর্ঘটনার আগে প্যারাসেইলিংয়ে একাধিক দুর্ঘটনা ঘটলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে সমালোচনা রয়েছে। সর্বশেষ প্রাণহানির ঘটনায় প্রশাসন তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নেয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গিয়ে প্যারাসেইলিংয়ের যন্ত্রপাতি জব্দ করেন। অভিযানের সময় প্রতিষ্ঠানের কর্মচারীরা সেখান থেকে পালিয়ে যান। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যন্ত্রপাতি পরীক্ষা-নিরীক্ষা এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাইয়ের পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, প্যারাসেইলিং থেকে পড়ে পর্যটকের মৃত্যুর ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। নিহতের পরিবার খুলনা থেকে কক্সবাজারে পৌঁছেছে। ময়নাতদন্ত শেষে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

জানা গেছে, কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের দরিয়ানগর ও হিমছড়ি সৈকতে পৃথক তিনটি প্রতিষ্ঠান প্যারাসেইলিং পরিচালনা করে আসছে। এগুলো হলো—‘ফ্লাই এয়ার সি স্পোর্টস’, ‘ফানফেস্ট প্যারাসেইলিং’ এবং ‘স্যাটেলাইট ভিশন প্যারাসেইলিং’।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ বছরে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়া, ঝাউবাগানে আটকে যাওয়া কিংবা বালুচরে পড়ে আহত হওয়ার মতো অন্তত ১৫টি দুর্ঘটনা ঘটেছে। সর্বশেষ দুর্ঘটনার পর তিনটি প্রতিষ্ঠানের কার্যক্রমই বন্ধ রয়েছে।

জেলা প্রশাসক মো. আ. মান্নান বলেন, ‘কক্সবাজারের কোনো প্রতিষ্ঠানই লাইসেন্স নিয়ে প্যারাসেইলিং পরিচালনা করে না। বৈরি আবহাওয়ার কারণে গত ২৭ জুলাই থেকে দরিয়ানগর ও হিমছড়ি এলাকায় সব ধরনের প্যারাসেইলিং বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু প্রশাসনের নির্দেশ অমান্য করে গোপনে কার্যক্রম পরিচালনা করা হয়েছে।’

এদিকে, দুর্ঘটনার পর ‘ফ্লাই এয়ার সি স্পোর্টস’ প্রতিষ্ঠানের মালিক মোহাম্মদ ফরিদ আত্মগোপনে রয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। তাকে এখনো খুঁজে পাওয়া যায়নি।