বোরকার নিচে ৮ কেজি গাঁজা, ফরিদপুরে গ্রেপ্তার ২ নারী
সংগৃহীত ছবি
ফরিদপুরের সদর উপজেলায় ৮ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ফরিদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি রেইডিং দল।
রবিবার (২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার বালিয়াডাঙ্গি গ্রামের ধুলদী ডাবল ব্রিজের দক্ষিণ পাশের এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মুন্সিগঞ্জ গ্রামের কোহিনুর খাতুন ওরফে কইতর (৫১) ও একই এলাকার তিলকজান (৪৬)।
অভিযানকালে দুজনের পরিহিত বোরকার নিচে ও শাড়ির ওপর পেট ও পিঠের সঙ্গে পলিথিন ও কাপড়ে মোড়ানো বিশেষ কৌশলে বাঁধা অবস্থায় ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ছাড়া তাদের ব্যবহৃত দুইটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, উদ্ধার আলামতের নমুনা সংগ্রহ করে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে।
ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শিরীন আক্তারের সার্বিক তত্ত্বাবধানে পরিদর্শক (ক-সার্কেল) বেলায়েত হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শিরিন আক্তার বলেন, গ্রেপ্তার মাদক কারবারিদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় হয়েছে। সোমবার তাদের আদালতে সোপর্দ করা হবে।
মাদক নিয়ন্ত্রণে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি।