অভিষেক শর্মার ব্যাটে ৯১ বলে ২৩৩ রানের ঝড়
অভিষেক শর্মা
জিম্বাবুয়ে সিরিজে অভিষেক শর্মা রান পাননি। প্রথম ম্যাচে ১, দ্বিতীয় ম্যাচে ৮ আর তৃতীয় ম্যাচে ২ রান করেছিলেন। এই ওপেনার ঝড় তুলেছেন জেলা ক্রিকেটে। রোববার (২ আগস্ট) পাঞ্জাব স্টেট ইন্টারডিস্ট্রিক্ট সিনিয়র ওয়ানডে টুর্নামেন্টে তারানের বিপক্ষে অমৃতসরের হয়ে মাত্র ৯১ বলে খেলেছেন ২৩৩ রানের এক বিধ্বংসী ইনিংস।
২৫ বছর বয়সি এই বাঁহাতি ইনিংসজুড়ে ১৫টি চার ও ২৫টি ছক্কা হাঁকিয়েছেন। ব্যাট করেছেন ২৫৬.০৪ স্ট্রাইকরেটে। ওপেনিং জুটিতে তিনি অভয় চৌধুরীর সঙ্গে মিলে তুলেন ৩০৫ রান। অভয় ৮৫ বলে ৯৩ রান করেন।
অভিষেকই ছিলেন অমৃতসরের প্রথম আউট হওয়া ব্যাটার। ইনিংসের ২৫তম ওভারের চতুর্থ বলে আশীষ লরেন্স তাকে প্যাভিলিয়নে ফেরান। অভিষেকের এই দুর্দান্ত ইনিংসের সুবাদে অমৃতসর নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৫৩৩ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায়।
অমৃতসরের একাদশে সানরাইজার্স হায়দরাবাদের উইকেটকিপার-ব্যাটার সলিল অরোরাও ছিলেন। তিনি চার নম্বরে ব্যাট করতে নেমে ১৮ বলে ২৯ রান করেন।
জিম্বাবুয়ে সিরিজে পারফরম্যান্সের কারণে সমালোচনার মুখে পড়া অভিষেক পরবর্তীতে ভারতের হয়ে ২০২৬ এশিয়ান গেমসে খেলবেন। আগামী সেপ্টেম্বরে জাপানে অনুষ্ঠিত হবে ওই আসর।