ফুটবল খেলতে যাওয়ার পথে কাভার্ডভ্যানের চাপায় প্রাণ গেল কিশোরের

ফুটবল খেলতে যাওয়ার পথে কাভার্ডভ্যানের চাপায় প্রাণ গেল কিশোরের

ফাইল ছবি

লক্ষ্মীপুর সদর উপজেলায় ফুটবল খেলতে যাওয়ার পথে কাভার্ডভ্যানের চাপায় নিহাদ হোসেন (১৭) নামে এক কিশোর নিহত হয়েছেন।

সোমবার বিকেলে সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের বিজয়নগর উচ্চবিদ্যালয়ের সামনে লক্ষ্মীপুর–রামগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নিহাদ বিজয়নগর গ্রামের মো. আজাদের ছেলে। তিনি স্থানীয় কালিবাজার এলাকার নানার বাড়িতে থাকতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাইসাইকেলে করে ফুটবল খেলতে বিজয়নগর উচ্চবিদ্যালয় মাঠে যাচ্ছিলেন নিহাদ। মাঠসংলগ্ন সড়কে পৌঁছালে একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর কাভার্ডভ্যানের চালক পালিয়ে যান।

নিহাদ নিয়মিত ফুটবল খেলতেন। অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনার পর তিনি আর বিদ্যালয়ে যাননি। খেলতে যাওয়ার পথেই তার প্রাণহানি ঘটে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে