আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ

আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ

ফাইল ছবি

বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম বলেছেন, ‘আমরা এক বছর বা দুই বছরের জন্য সংবিধান সংশোধন করব না, আগামী প্রজন্মের জন্য করব, যাতে জনগণ এর সুফল পায়। সে জন্য সময়ের আকাঙ্ক্ষা, সময়ের পরিবর্তন এবং জনগণের চাহিদার ভিত্তিতে সংবিধান সংশোধন করবো। ’

মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির প্রথম বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

চিফ হুইপ বলেন, সংবিধান একটি চলমান ও সময়োপযোগী দলিল।

তাই সময়ের পরিবর্তন, জনগণের প্রত্যাশা এবং রাষ্ট্রের ভবিষ্যৎ প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্য রেখে সংবিধানে প্রয়োজনীয় সংশোধনী আনতে হবে। এ প্রক্রিয়ায় সব রাজনৈতিক দল, বিশেষজ্ঞ, অংশীজন ও জনগণের গঠনমূলক অংশগ্রহণ গুরুত্বপূর্ণ।

তিনি জানান, বর্তমান সংসদের বিশেষ করে বিরোধী দলের অধিকাংশ সদস্য প্রথমবারের মতো নির্বাচিত হয়েছেন। ফলে সংবিধান সংশোধনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের গভীরভাবে অনুধাবন করে কার্যকর অবদান রাখতে কিছুটা সময় প্রয়োজন হতে পারে।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের দরজা খোলা আছে। তারা যখনই আসবেন, তখনই আমরা তাদের কমিটিতে অন্তর্ভুক্ত করবো। ’

আন্তর্জাতিক উদাহরণ তুলে ধরে চিফ হুইপ বলেন, ভারতে বহুবার এবং যুক্তরাষ্ট্রেও সফলভাবে সংবিধান সংশোধন করা হয়েছে। তাই দেশের প্রয়োজন অনুযায়ী সংবিধান সংশোধনের বিকল্প নেই।