রাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইওএম-এর উপমহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
সংগৃহীত ছবি
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) উপমহাপরিচালক উগোচি ড্যানিয়েলস সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে মানব পাচার প্রতিরোধ, নিরাপদ অভিবাসন, সীমান্ত নিরাপত্তা এবং বিদ্যমান সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়।
মঙ্গলবার রাতে রাজধানীর গুলশানে জাতিসংঘ হাউজে অনুষ্ঠিত বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইওএমের মধ্যে চলমান অংশীদারিত্বের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা করা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ নিরাপদ, নিয়মতান্ত্রিক ও মর্যাদাপূর্ণ অভিবাসনে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, দীর্ঘ দুই দশক ধরে আইওএম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যতম বিশ্বস্ত উন্নয়ন অংশীদার হিসেবে কাজ করছে এবং ভবিষ্যতেও এ সহযোগিতা আরও সুসংহত হবে।
বৈঠকে মানব পাচার প্রতিরোধ, অভিবাসন ব্যবস্থাপনা, অভিবাসীদের সুরক্ষা এবং সীমান্ত নিরাপত্তায় সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, মানব পাচার একটি জঘন্য অপরাধ। লোভ, অজ্ঞতা ও অসচেতনতার কারণে অনেক মানুষ এর শিকার হন। এ অপরাধ দমনে সরকার সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা বাস্তবায়নে কাজ করছে।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আইওএমের কাছে মানব পাচারকারী চক্রের তথ্য রয়েছে কি না জানতে চাইলে সংস্থাটির উপমহাপরিচালক জানান, পাচারকারী চক্র শনাক্তে আইওএম সহায়তা করতে পারে। মানব পাচারের প্রবণতা বিষয়ে আইওএম ও ইন্টারপোলের কাছে তথ্য রয়েছে, যা প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্টদের সঙ্গে ভাগাভাগি করা হয়।
উগোচি ড্যানিয়েলস বাংলাদেশের সঙ্গে আইওএমের দীর্ঘদিনের অংশীদারিত্বের প্রশংসা করে বলেন, নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা দিতে সংস্থাটি প্রস্তুত। তিনি মানব পাচার প্রতিরোধে সমন্বিত তথ্য ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন।
বাংলাদেশে পাঁচ দিনের সরকারি সফরের অংশ হিসেবে আইওএমের উপমহাপরিচালক এ বৈঠকে অংশ নেন। বৈঠকে বাংলাদেশে আইওএমের নবনিযুক্ত মিশন প্রধান ড. লরা টম বন্ডেসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইওএমের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।