মালয়েশিয়ায় সহকর্মীদের সংঘর্ষে ৩ বাংলাদেশি নিহত
প্রতিকি ছবি
মালয়েশিয়ায় সহকর্মীদের মধ্যে সংঘর্ষে তিন বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক বাংলাদেশি গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত ও আহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
সোমবার (৩ আগস্ট) বিকেলে রাজধানী কুয়ালালামপুরের অদূরে নেগরি সেমবিলান প্রদেশের তামান লিঙ্গির একটি বাড়িতে এ ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল ও আশপাশের এলাকা থেকে তিন বাংলাদেশির মরদেহ উদ্ধার করে পুলিশ।
মঙ্গলবার (৪ আগস্ট) নেগরি সেমবিলান পুলিশের বরাত দিয়ে মালয়েশিয়ার সংবাদমাধ্যম নিউ স্ট্রেইটস টাইমস জানায়, স্থানীয় সময় বিকেল সোয়া ৪টার দিকে তামান লিঙ্গির ওই বাড়িতে কয়েকজন বাংলাদেশির মধ্যে মারামারির খবর পায় পুলিশ। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লিঙ্গি থানার একটি দল দ্রুত ঘটনাস্থলে যায়।
পুলিশ গিয়ে এক বাংলাদেশি নাগরিককে আটক করে। তার বয়স আনুমানিক ৪০ বছর। পরে প্রাথমিক তদন্তের ভিত্তিতে লিঙ্গির সুয়া মাঙ্গিস এস্টেট এলাকা থেকে প্রথমে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়। একই ঘটনায় আহত আরেক বাংলাদেশিকে রেম্বাউ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নেগরি সেমবিলান পুলিশের প্রধান দাতুক আলজাফনি আহমদ বলেন, সংঘর্ষে জড়িত ব্যক্তিরা সবাই সহকর্মী ছিলেন। তারা একই জায়গায় কাজ করতেন এবং একই বাসায় বসবাস করতেন।
পুলিশের প্রাথমিক ধারণা, সংঘর্ষের ঘটনাটি একাধিক স্থানে ঘটতে পারে। তবে কী কারণে সহকর্মীদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
পুলিশ জানিয়েছে, আটক সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে আগে কোনো অপরাধের রেকর্ড পাওয়া যায়নি। তাকে রিমান্ডে নেয়ার আবেদন জানাতে মঙ্গলবার পোর্ট ডিকসন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করার কথা রয়েছে।
ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না এবং নিহতদের পরিচয় শনাক্তের বিষয়েও তদন্ত করছে মালয়েশিয়ার পুলিশ।