ভারতে যাওয়ার পথে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ভারতে যাওয়ার পথে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

ভারতে চিকিৎসা নিতে যাওয়ার সময় যশোরের বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট থেকে মো. হুমায়ুন তালুকদার নামে এক সাবেক ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।

গ্রেপ্তার হুমায়ুন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ফতেপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং মির্জাপুর উপজেলা কৃষক লীগের সভাপতি। তিনি শুভুল্যা গ্রামের আব্দুর রশিদ তালুকদারের ছেলে।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার উদ্দেশ্যে ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করতে গেলে কর্তব্যরত কর্মকর্তারা সার্ভারে তার নাম স্টপ লিস্টে দেখতে পান। পরে দায়িত্বরত ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে মির্জাপুর থানায় দায়ের করা একটি মামলা রয়েছে। ওই মামলায় আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২-এর ৪/৫ ধারার পাশাপাশি দন্ডবিধির ধারায় অভিযোগ আনা হয়েছে।

বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান বলেন, ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশন যাচাইয়ে হুমায়ুন তালুকদারের নাম স্টপ লিস্টে পাওয়া যায়। পরে তাকে গ্রেপ্তার করা হয়।

মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, হুমায়ুন তালুকদারের গ্রেপ্তারের বিষয়টি বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের মাধ্যমে জানতে পেরেছি। তাকে মির্জাপুর থানায় আনার প্রক্রিয়া চলছে।