টেকনাফে অপহরণের শিকার তিনজন উদ্ধার, গ্রেফতার ১

টেকনাফে অপহরণের শিকার তিনজন উদ্ধার, গ্রেফতার ১

প্রতিকি ছবি

কক্সবাজারের টেকনাফে র‍্যাবের অভিযানে অপহরণের শিকার তিনজনকে উদ্ধার করা হয়েছে। এসময় আটক করা হয়েছে অপহরণ চক্রের এক সদস্যকে। বুধবার বিকালে র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক আ ম ফারুক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

উদ্ধারকৃতরা হলেন- মো. আয়াছ (১৮), মো. ইয়াছিন (২৮) ও জোবাইর (২৫)।

অপহরণের শিকার সবাই উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী ১৭ নং রোহিঙ্গা ক্যাম্প (ব্লক-বি-৮১) এর বাসিন্দা।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এবং উখিয়া থানার সাধারণ ডায়েরির প্রেক্ষিতে সিপিসি-১, টেকনাফের একটি আভিযানিক দল অপহৃতদের উদ্ধারে গোয়েন্দা তৎপরতা শুরু করে। পরে ৪ আগস্ট রাতে টেকনাফ মুচনী ক্যাম্পের শালবাগান পাহাড়ের গহীন দুর্গম এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অপহরণের শিকার ৩ জন ভিকটিমকে নিরাপদে উদ্ধার করা হয়।

উদ্ধারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, গত ৩০ জুলাই টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মুচনী ক্যাম্পে আত্মীয়ের বাসায় বেড়াতে গিয়ে ফেরার পথে অপহরণের শিকার হন। অপহরণকারীরা তাদের দুর্গম পাহাড়ি এলাকায় আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন চালায় এবং পরিবারের সদস্যদের নিকট ৬ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের অর্থ প্রদান না করায় তাদের উপর নির্যাতনের মাত্রা আরও বৃদ্ধি করে এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

উদ্ধারকৃতদের তথ্য মতে টেকনাফ মুচনী ক্যাম্পের ব্লক-ডি এলাকার বটগাছতলা এলাকায় অভিযান পরিচালনা করে অপহরণের সঙ্গে জড়িত হাফেজ আহম্মেদ(৫৩) নামে এক রোহিঙ্গাকে আটক করে।

সে মুচনী রেজিস্টার ক্যাম্প-০১, ব্লক-ডি এর মৃত রশিদ আহম্মদের পুত্র।  

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি অপহরণ চক্রের সঙ্গে তার সম্পৃক্ততার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছে। চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

এই ঘটনায় উদ্ধারকৃতদের অভিযোগের ভিত্তিতে উখিয়া থানায় একটি মামলা রুজু করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামি এবং উদ্ধারকৃতদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।