বগুড়ায় মাদকসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
প্রতিকি ছবি
বগুড়ার ধুনট উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ও আট মামলার আসামি সাজেদুল ইসলাম সাগরকে (৩৭) মাদকসহ গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার দুপুরে থানা থেকে তাকে আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।
সাগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আট মামলার আসামি। তার বিরুদ্ধে থানায় আরও অভিযোগ রয়েছে।
পুলিশ কর্মকর্তারা জানান, মঙ্গলবার রাতে ধুনট থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার নিমগাছি ইউনিয়ন পরিষদের সামনের পাকা সড়ক থেকে তাকে গ্রেফতার করে। পরে তার কাছ থেকে ১৫ পিস নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতার সাগর একজন পেশাদার মাদক কারবারি। তিনি দেশের বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে স্থানীয় মাদকসেবীদের কাছে বিক্রি করতেন।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।