রাস্তা নিয়ে বিরোধের জেরে হামলায় যুবকের মৃত্যু
প্রতিকি ছবি
কুমিল্লার চৌদ্দগ্রামে চলাচলের রাস্তা নিয়ে বিরোধে জেরে প্রতিপক্ষের হামলার আহত যুবক বিল্লাল হোসেনের (২৪) মৃত্যু হয়েছে। কুমিল্লার একটি বেসরকারি মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। উপজেলার শ্রীপুর ইউনিয়নের গজারিয়া গ্রামে এই হামলার ঘটনা ঘটে।
নিহত বিল্লাল হোসেন একই গ্রামের আব্দুল হামিদের একমাত্র ছেলে। বিল্লাল পেশায় মিশুক চালক। তিনি দুটি ছেলে সন্তানের জনক। বুধবার চৌদ্দগ্রাম মডেল থানার উপ-পরিদর্শক লিটন চাকমা তথ্যটি নিশ্চিত করেন।
তিনি বলেন, নিহতের লাশ ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ২৪ জুলাই হামলার ঘটনায় বিল্লালের পিতা আব্দুল হামিদ বাদী হয়ে ৪ জনকে বিবাদী করে আদালতে একটি মামলা দায়ের করেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেয়া হবে।
বিল্লালের চাচা জহির জানান, চলাচলের রাস্তায় উল্লেখিত দিনে প্রতিবেশী জয়নাল আবেদীন ছেলেরাসহ বাঁশের খুঁটি দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। বাড়ির লোকজন চলাচলের রাস্তার বেড়া সরাতে এলে প্রতিপক্ষের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় জয়নাল আবেদীনের ছেলে মোজাম্মেলের দা'এর কোপে মাথায় গুরুতর আহত হয় ভাতিজা বিল্লাল হোসেন। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাকে কুমিল্লা টাওয়ার হাসপাতালের আইসিইউতে রাখা হয়। সাত দিন পর গত মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়।
নিহত বিল্লালের পিতা আব্দুল হামিদ বলেন, চলাচলের রাস্তার বেড়া সরাতে গিয়ে আমার ছেলের মাথায় জয়নাল আবেদীনের ছেলে মোজাম্মেলের দা'এর কোপ লাগে। এতে আমার একমাত্র ছেলেটাকে হারাই। আমি খুনিদের বিচার চাই।
বিবাদী মোজাম্মেল হোসেনের মা আনোয়ারা বেগম বলেন, ঝগড়ার সময় আমার ছেলে হাতে মোবাইল ফোন ছাড়া আর কিছুই ছিল না। এখন তারা বলছে আমার ছেলের হাতের দা'এর কোপে বিল্লাল মারা যায়। এটা সম্পূর্ণ মিথ্যা। ঝগড়ার সময় তাদের অস্ত্রের আঘাতে তাদের পক্ষের লোক মারা যায়।