দুই বছরের চুক্তিতে আর্সেনাল ছেড়ে এভারটনে ডেনিশ মিডফিল্ডার
সংগৃহীত ছবি
নতুন মৌসুমের আগেই মাঝ মাঠ আরও গোছানোর মাস্টারপ্ল্যান থেকেই আর্সেনালের মিডফিল্ডার ক্রিশ্চিয়ান নরগার্ডকে দলে ভিড়িয়েছে এভারটন। ৩২ বছর বয়সী এই মিডফিল্ডার এভারটনের সঙ্গে দুই বছরের চুক্তি করেছেন। তাকে ৭০ লাখ (৭ মিলিয়ন) পাউন্ডের বিনিময়ের চুক্তিতে নতুন ক্লাবে যোগ দিয়েছেন বলে জানা গেছে।
গত বছর ব্রেন্টফোর্ড থেকে ১ কোটি ৫০ লাখ (১৫ মিলিয়ন) পাউন্ডের চুক্তিতে আর্সেনালে যোগ দেওয়া নরগার্ডকে রিয়াল বেটিসের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য গানার্সদের স্কোয়াডে রাখা হয়নি।
গত মৌসুমে আর্সেনালের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২০টি ম্যাচ খেললেও প্রিমিয়ার লিগে তিনি মাঠে নেমেছিলেন মাত্র সাতবার। এভারটন এই গ্রীষ্মে মিডলসব্রো থেকে সেন্ট্রাল মিডফিল্ডার হেইডেন হ্যাকনিকেও ১ কোটি ৬৫ লাখ (১৬.৫ মিলিয়ন) পাউন্ডে দলে নিয়েছে। এছাড়া চেলসি থেকে ১ কোটি ৮০ লাখ (১৮ মিলিয়ন) পাউন্ডের বিনিময়ে ২০ বছর বয়সী উইঙ্গার টাইরিক জর্জকেও স্থায়ীভাবে দলে ভিড়িয়েছে তারা; জর্জ গত মৌসুমের দ্বিতীয়ার্ধে ধারে এভারটনেই খেলেছিলেন।
এভারটনে যোগ দেওয়ার পর নরগার্ড এক বিবৃতিতে বলেন, আমার মনে হয়েছিল পরিবর্তন প্রয়োজন এবং ফুটবলে আরও বড় কোনো ভূমিকা পালন করা দরকার। যখন আমি ডেভিড ময়েস এবং ক্লাবের সংশ্লিষ্ট অন্যদের সঙ্গে দলবদল নিয়ে কথা বললাম, তখন পুরো প্রকল্প সম্পর্কে জেনে আমি বেশ আগ্রহী হয়ে উঠি। এখানে আসার পর সেই আগ্রহ আরও জোরালো হয়েছে।
ডেনমার্কের এই ফুটবলার বলেন, অতীতে এভারটনের বিপক্ষে খেলার সুবাদে সেখানকার পরিবেশ ও সমর্থকদের সম্পর্কে অভিজ্ঞতা হয়েছে। একজন এভারটন খেলোয়াড় হিসেবে সেই পরিবেশের অংশ হওয়ার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। এটি আমার জন্য অনেক বড় সম্মানের বিষয়।
নরগার্ডের এভারটনে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পাশাপাশি ইএসপিএন জানিয়েছে, আর্সেনাল নিউক্যাসল ইউনাইটেডের মিডফিল্ডার ব্রুনো গুইমারেসকে দলে ভেড়ানোর চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে। ইএসপিএনের সাংবাদিক ব্রুনো আন্দ্রেদেকে সূত্রটি জানিয়েছে, প্রিমিয়ার লিগের এই দুই ক্লাব একটি চুক্তির কাঠামোয় সম্মত হয়েছে। এর আওতায় ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার ৭৫ মিলিয়ন পাউন্ড (১০১ মিলিয়ন ডলার) নিশ্চিত ফি-র বিনিময়ে এমিরেটস স্টেডিয়ামে (আর্সেনালে) যোগ দেবেন।
এর আগে সিরি আ-র ক্লাব ফিওরেন্টিনা থেকে ব্রেন্টফোর্ডে যোগ দিয়ে সেখানে ছয় বছর কাটিয়েছিলেন নরগার্ড। তিনি জানান, মার্সিসাইডের ক্লাবটিতে যোগ দেওয়ার বিষয়ে তিনি আর্সেনাল ম্যানেজার মিকেল আর্তেতার সঙ্গে কথা বলেছিলেন।
উল্লেখ্য, খেলোয়াড় হিসেবে আর্তেতা বর্তমান এভারটন কোচ ডেভিড ময়েসের অধীনে খেলেছিলেন। নরগার্ড বলেন, এই সম্ভাব্য দলবদল নিয়ে আমি তার সঙ্গে কথা বলেছি। এভারটন এবং ডেভিড ময়েস উভয়ের বিষয়েই তিনি কেবল ইতিবাচক কথাই বলেছেন। তিনি দীর্ঘ সময় ময়েসের অধীনে খেলেছেন। একজন এভারটন খেলোয়াড় হিসেবে তার অভিজ্ঞতা শুনে মনে হয়েছে, তিনি এখানে দারুণ সময় কাটিয়েছেন এবং ময়েসের অধীনে একজন খেলোয়াড় হিসেবে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। আশা করি, এভারটনের খেলোয়াড় হিসেবে আমিও একই রকম অভিজ্ঞতা অর্জন করতে পারব।
বেটিসের বিপক্ষে আর্সেনালের প্রাক-মৌসুম ম্যাচের পর ওই ড্যানিশ মিডফিল্ডারের দল ছাড়ার বিষয়ে জানতে চাওয়া হলে আর্তেতা বলেন, আমাদের দলে তিনি অসাধারণ ভূমিকা পালন করেছেন। যখন আমি তাকে এখানে নিয়ে এসেছিলাম, তখন বলেছিলাম তিনি আমাদের দলের সবাইকে এক সুতোয় গাঁথার মতো খেলোয়াড় হয়ে উঠতে পারেন।মানুষকে একত্রিত করা এবং দলের মানদণ্ড উঁচুতে ধরে রাখার এক অবিশ্বাস্য ক্ষমতা তার রয়েছে। আমরা তার জন্য শুভকামনা জানাই এবং তাকে ধন্যবাদ জানাই।
আগামী ২২ আগস্ট নিজেদের মাঠে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যাচ দিয়ে এভারটন তাদের প্রিমিয়ার লিগ মৌসুম শুরু করবে।