জুলাইয়ের পক্ষে আমরা আপসহীন: মামুনুল হক
সংগৃহীত
জুলাইয়ের পক্ষে আপসহীন বলে আবারো নিজেদের অবস্থান স্পষ্ট করলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক।
তিনি বলেন, “আমরা কেন জুলাইয়ের পক্ষে ছিলাম, আছি এবং থাকতে হবে, এটাই বইয়ে ফুটিয়ে তোলা হয়েছে। জুলাইয়ের পক্ষে আমরা আপসহীন। এখানে নমনীয়তার কোনো সুযোগ নেই।”
আল্লামা মামুনুল হক রচিত নতুন গ্রন্থ ‘জুলাই কেন আমাদের লড়াই’ বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বুধবার (৫ আগস্ট) বিকেলে রাজধানীতে পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে বইটি প্রকাশ হয়।
জুলাই গণঅভ্যুত্থানকে ঘিরে বাংলাদেশ খেলাফত মজলিসের রাজনৈতিক অবস্থান, গণভোট, সংবিধান সংস্কার, ইসলামপন্থীদের ভূমিকা এবং সমকালীন রাজনৈতিক বাস্তবতার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক এই গ্রন্থে বিশ্লেষণ করা হয়েছে।
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকের সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া, বিশিষ্ট লেখক ও ইতিহাসবিদ মাওলানা মনযুর আহমাদ, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমাদ, বিশিষ্ট লেখক ও গবেষক মুসা আল হাফিজ।
মামুনুল হক বলেন, “জুলাই বিপ্লবের ওপর কওমি আলেম সমাজের অবদান ও আকাঙ্ক্ষা আমাদেরই কিছু কিছু মানুষেরই দুর্বল করার যে অপচেষ্টা, তার প্রতি আমরা চূড়ান্ত ক্ষোভ প্রকাশ করছি।”
তিনি বলেন, “বিগত নির্বাচনে বিএনপির সাথে আমাদের জোট না হওয়ার সবচে শক্তিশালী কারণ ছিল, জুলাইয়ের বিরুদ্ধে তাদের অবস্থান। তারা কোনোভাবেই চায় না জুলাই প্রতিষ্ঠা পাক।”
আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেন, “জুলাইয়ের ইতিহাসকে পরিবর্তন করে ফেলা হচ্ছে। জুলাই জাদুঘরকে বিকৃত করে উদ্বোধন করা হয়েছে। এজন্যই আমরা জুলাই যে যেভাবে দেখেছি সেটা লিপিবদ্ধ করে রাখা দরকার।”
মুসা আল হাফিজ বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে যারা ভূমিকা রেখেছেন তাদের লিখিত বইগুলোর মধ্যে এই বইটি প্রথম সারিতে থাকবে। জুলাইয়ের যতগুলো পক্ষ সবারই এই বইকে জুলাইয়ের টেক্সটবুক হিসেবে গ্রহণ করা উচিত।”
মাওলানা আল আবিদ শাকেরের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা কুরবান আলী কাসেমী, যুগ্ম মহাসচিব মাওলানা তোফাজ্জল হুসাইন মিয়াজি, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমাদ, মাওলানা আবুল হাসানাত জালালী, মাওলানা এনামুল হক মুসা, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা সানাউল্লাহ আমিনী, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা মুর্শিদ সিদ্দিকী, সহ-সভাপতি মাওলানা এহসানুল হক, জামিয়াতুত তারবিয়াহ আল ইসলামিয়ার সিনিয়র শিক্ষক মাওলানা ইব্রাহিম জামিল প্রমুখ।