নবজাতকের জন্য পঠিতব্য মহামূল্যবান দোয়া
ফাইল ছবি
নবজাতক একটি পরিবারের জন্য আল্লাহ তাআলার অমূল্য নেয়ামত ও আমানত। একটি শিশুর জন্ম শুধু একটি নতুন প্রাণের আগমন নয়; বরং এটি নতুন আশা, নতুন দায়িত্ব এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের এক অনন্য উপলক্ষ।
ইসলাম নবজাতককে ঘিরে শুধু আনন্দ-উৎসবের দিকনির্দেশনাই দেয়নি, বরং তার সুস্থতা, ঈমান, নেক জীবন ও ভবিষ্যৎ কল্যাণের জন্য বিভিন্ন দোয়া ও আমলেরও শিক্ষা দিয়েছে। কারণ একজন মুমিন জানেন, সন্তানের প্রকৃত নিরাপত্তা, হেদায়েত ও বরকত একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকেই আসে। আয়েশা (রা.) বলেন, শিশুদের রাসুল (সা.) এর কাছে আনা হতো। আর তিনি তাদের জন্য দোয়া করতেন।
(বুখারি, হাদিস : ৬৩৭৭)
এ হাদিস শিশুদের জন্য দোয়া করার সুন্নাহকে আরো সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করে। সহিহ হাদিসে নির্দিষ্ট শব্দে দোয়া বর্ণিত না হলেও তাবেঈ ইমাম হাসান আল-বাসরি (রহ.) নবজাতকের জন্য একটি দোয়া শিক্ষা দিয়েছেন। দোয়াটি হলো,
بَارَكَ اللَّهُ لَكَ فِي الْمَوْهُوبِ لَكَ، وَشَكَرْتَ الْوَاهِبَ، وَبَلَغَ أَشُدَّهُ، وَرُزِقْتَ بِرَّ.
উচ্চারণ : বারাকাল্লাহু লাকা ফিল মাওহূবি লাকা, ওয়া শাকারতাল ওয়াহিবা, ওয়া বালাগা আশুদ্দাহু, ওয়া রুজিকতা বিররাহ।
অর্থ : আল্লাহ আপনাকে দেয়া এই সন্তানকে বরকতময় করুন।
আপনি যেন দানকারী আল্লাহর শুকরিয়া আদায় করতে পারেন। সন্তান যেন পূর্ণ শক্তি ও পরিণত বয়সে পৌঁছে এবং আপনি যেন তার নেক ব্যবহার লাভ করেন। (আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ: ৬২৩)
দোয়ার জবাবে সন্তানের বাবা বলবেন,
بَارَكَ اللَّهُ لَكَ، وَبَارَكَ عَلَيْكَ، وَجَزَاكَ اللَّهُ خَيْرًا، وَرَزَقَكَ اللَّهُ مِثْلَهُ، وَأَجْزَلَ ثَوَابَكَ.
উচ্চারণ : বারাকাল্লাহু লাকা, ওয়া বারাকা আলাইকা, ওয়া জাযাকাল্লাহু খাইরান, ওয়া রাযাকাকাল্লাহু মিছলাহু, ওয়া আজযালা ছাওয়াবাকা।
অর্থ : আল্লাহ আপনাকেও বরকত দান করুন। আপনার উপর বরকত নাজিল করুন।
আপনাকে উত্তম প্রতিদান দিন। আপনাকেও অনুরূপ নেয়ামত দান করুন এবং আপনার সওয়াব বৃদ্ধি করুন।
ইমাম নববিও (রহ.) তার বিখ্যাত গ্রন্থে এ দোয়াটি উল্লেখ করে নবজাতকের জন্য এভাবে দোয়া করাকে উত্তম বলেছেন। (আল আযকার, পৃ: ৪৮৯)
আল্লাহ তাআলা আমাদেরকে নবজাতকের জন্য বরকতের, সুস্থতার, নেক হায়াতের, তাকওয়ার দোয়া করার তাওফিক দান করুন।