বারিধারায় পাকিস্তানের হাইকমিশনারের বাসভবনে অগ্নিকাণ্ড, হাসপাতালে হাইকমিশনার

বারিধারায় পাকিস্তানের হাইকমিশনারের বাসভবনে অগ্নিকাণ্ড, হাসপাতালে হাইকমিশনার

সংগৃহীত ছবি

রাজধানীর বারিধারার কূটনৈতিক এলাকায় পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারের সরকারি বাসভবনে অগ্নিকাণ্ড হয়েছে। এ সময় ধোঁয়ায় শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত হয়ে হাইকমিশনার ও তার স্ত্রী অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা আনোয়ার ইসলাম দোলন জানান, বুধবার ভোর ৪টা ৫৬ মিনিটে কূটনৈতিক এলাকায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে বারিধারা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সদস্যরা দেখতে পান, কক্ষে বড় ধরনের আগুন ছিল না, তবে ধোঁয়া ছড়িয়ে পড়েছিল। বালতি ও মগ দিয়ে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়। এরপর ফায়ার সার্ভিস পুরো ভবন তল্লাশি করে বিশেষ যন্ত্রের মাধ্যমে ধোঁয়া বের করে দেয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগের কারণে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে ধোঁয়ার সৃষ্টি হয়েছে।

বারিধারা ফায়ার সার্ভিস সূত্রে জানানো হয়েছে, হাইকমিশনার ও তার পরিবারের সদস্যরা মোটামুটি সুস্থ ছিলেন। তবে অগ্নিকাণ্ডের পরপরই ধোঁয়ার সংস্পর্শে আসায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাদের চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হয় এবং পরবর্তী চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।