মুন্সীগঞ্জে ৪ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার
ফাইল ছবি।
মুন্সীগঞ্জ সদর উপজেলার সরকারপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ মো. রিয়াদ হোসেন (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শুক্রবার বিকেল ৪টা ৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।গ্রেপ্তার রিয়াদ হোসেন সদর উপজেলার পুরাতন সরকারপাড়া এলাকার বাসিন্দা। তিনি হাতেম দেওয়ানের ছেলে।
জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, পুলিশ সুপার মো. মেনহাজুল আলমের (পিপিএম) নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ডিবি পুলিশের একটি দল অভিযান চালায়। ওসি (ডিবি)-এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) সৈয়দ হাসিব আহম্মেদের নেতৃত্বে দলটি সরকারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, রিয়াদের অটোরিকশার গ্যারেজের পশ্চিম পাশে টিনের ছাউনির নিচে দুই দেয়ালের মাঝের একটি স্থানে তল্লাশি চালানো হয়। সেখান থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পরে রিয়াদ হোসেনকে গ্রেপ্তার করা হয়।এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
জেলা পুলিশ জানায়, চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে জেলায় বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এসব অভিযান আরও জোরদার করা হবে।