মুন্সীগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

মুন্সীগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

প্রতিকি ছবি

মুন্সীগঞ্জের সিরাজদিখানে পুকুরে গোসল করতে নেমে জিতনী (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার ইছাপুরা ইউনিয়নের লালবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, দুপুর ২টা ২ মিনিটে সিরাজদিখান ফায়ার স্টেশনে খবর আসে, লালবাড়ী এলাকায় একটি শিশু পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান শুরু করে। পরে পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

পরে মরদেহটি আইনগত প্রক্রিয়ার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।