ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক
প্রতিকি ছবি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক লোকজন আহত হয়েছে। শনিবার সকালে উপজেলার বিটঘর ইউনিয়নের টিয়ারা গ্রামে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত চলে সংঘর্ষ।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, টিয়ারা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আতিকুর রহমান ওরফে শিশু মিয়া এবং একই গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হোসেন আহমেদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
এই জের ধরে আগে দু’পক্ষের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত ১১ জুন বিকেলে প্রতিপক্ষের হামলায় চেয়ারম্যানের চাচাতো ভাই ইকবাল মিয়ার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। গত শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে ফুটবল খেলা শেষে বাড়ি ফিরছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হোসেন আহমেদের পক্ষের আপন মিয়া (১৮) ও বায়েজিদ আহমেদ (১৬)। এসময় তাদের টিয়ারা গ্রামে একা পেয়ে প্রতিপক্ষ আতিকুর রহমান ওরফে শিশু মিয়ার লোকজন মারধর করে।
শনিবার সকাল ১১টার দিকে টিয়ারা গ্রামের বাজারে দুই পক্ষের লোকজনে মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন রামদা, ছুরি, টেঁটা, বল্লমসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সশস্ত্র সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের বেশ কয়েকটি ঘরবাড়িরতে হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয়।
সংঘর্ষে আহতদেরকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। সংঘর্ষে মোকারম হোসেন (৩৫), বাচ্চু মিয়া (৫০), বাহার মিয়া (২০), কালু মিয়া (৩৫), রিয়াদ হোসেন (২৫), আনোয়ার (২৫), রুবেল মিয়া (৩০), বিল্লাল মিয়া (০৪), হাবিব মিয়া (৫), ছোটন মিয়া (৫০), ইয়ার হোসেন (৩৫), মো. রবিউল (৪৫), রিপন (৩৫), মহিউদ্দিন (২২), মো. মোশারফ হোসেন (২৫), আবুল কালাম (৫৫), আলামিন (৪৫), হেলাল মিয়া (৪৩), মো. আমিন (০৪), জমির আলী (০৪), বদরুল ইসলাম (৪৫), সানজিদা (১৪) ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
ব্রাহ্মণবাড়িয় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এম. এম. রকীব উর রাজা জানান, পুলিশ সংর্ঘষ নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।