নারায়ণগঞ্জে দগ্ধ শিশু মারুফের মৃত্যু
সংগৃহীত ছবি
নারায়ণগঞ্জের বন্দরে গ্যাস লিকেজের আগুনে দগ্ধ একই পরিবারের তিনজনের মধ্যে আট বছরের শিশু মারুফ মারা গেছে।
শনিবার সকালে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে শুক্রবার (৭ আগস্ট) সকালে বন্দরের কুড়িপাড়া চাপাতলি এলাকার সেলিম মিয়ার টিনশেড বাসায় গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়। এতে মারুফসহ তার বাবা মাইদুল (২৪) ও মা বিউটি (২৪) দগ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন।
এরই মধ্যে ৯০ শতাংশ দগ্ধ মারুফের মৃত্যু হয়েছে। তার বাবা মাইদুলের ৮৫ শতাংশ এবং মা বিউটির ৮০ শতাংশ দগ্ধ হয়েছে।
মারুফের মৃত্যুর পর তার বাবা-মা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান।