অস্ট্রেলিয়া গমনেচ্ছুদের জন্য ঢাকাস্থ হাইকমিশনের বিশেষ সতর্কবার্তা

অস্ট্রেলিয়া গমনেচ্ছুদের জন্য ঢাকাস্থ হাইকমিশনের বিশেষ সতর্কবার্তা

সংগৃহীত ছবি

অস্ট্রেলিয়ায় বসবাস ও কাজের সুযোগ দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ভুয়া মাইগ্রেশন এজেন্টদের বিরুদ্ধে। এ বিষয়ে ঢাকাস্থ অস্ট্রেলিয়া হাইকমিশন বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

 

শনিবার (৮ আগস্ট) অস্ট্রেলিয়া হাইকমিশন বাংলাদেশের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এ সতর্কবার্তা দেওয়া হয়।

সতর্কবার্তায় বলা হয়, ভিসা-সংক্রান্ত সঠিক পরামর্শ পাওয়ার একটি নির্ভরযোগ্য উপায় হলো অস্ট্রেলিয়ায় নিবন্ধিত একজন মাইগ্রেশন এজেন্ট (যিনি বাংলাদেশেও কার্যক্রম পরিচালনা করতে পারেন) অথবা একজন অস্ট্রেলীয় আইনজীবীর সেবা গ্রহণ করা।

অস্ট্রেলীয় মাইগ্রেশন এজেন্টের আচরণবিধি উল্লেখ করে আরো বলা হয়, নিবন্ধিত সকল অস্ট্রেলীয় মাইগ্রেশন এজেন্টকে একটি নির্দিষ্ট আচরণবিধি অনুসরণ করতে হয় এবং নির্ধারিত জ্ঞান ও পেশাগত মানদণ্ড মেনে চলতে হয়। এর মধ্যে রয়েছে—তারা যে কাজ করেন তার জন্য ন্যায্য ও যুক্তিসঙ্গত ফি গ্রহণ করা; তারা কি কি সেবা প্রদান করবেন এবং তার খরচ কত পড়বে তা আপনাকে লিখিতভাবে জানানো; আপনার ভিসা আবেদনের ফলাফল সম্পর্কে আপনাকে যত দ্রুত সম্ভব অবহিত করা।

একজন নিবন্ধিত মাইগ্রেশন এজেন্টের কার্যক্রম সম্পর্কে জান‌তে https://www.mara.gov.au/get-help-visa-subsite/FIles/consumer_guide_bengali.pdf এই ও‌য়েবসাইট দেখার পরামর্শ দি‌য়ে‌ছে হাইক‌মিশন।

তা ছাড়া নিবন্ধিত মাইগ্রেশন এজেন্ট খুঁজে পেতে ‘অফিস অব মাইগ্রেশন এজেন্টস রেজিস্ট্রেশন অথরিটি’ (OMARA)-এর সেলফ-সার্ভিস পোর্টালে https://portal.mara.gov.au/search-the-register-of... অনুসন্ধান করতে বলা হয়েছে।

আর অস্ট্রেলীয় পেশাদার আইনজীবীর সেবা গ্রহণ সম্পর্কে জানতে https://immi.homeaffairs.gov.au/.../using-a-legal... ওয়েবসাইট পরিদর্শন করতে বলা হয়েছে।