রাশিয়ায় ফ্লাইট মিস করার পর প্লেন থামানোর চেষ্টা ২ নারীর
ছবিঃ সংগৃহীত।
ফ্লাইট ধরতে দেরি হয়ে যাওয়ায় কিংবা মিস করার পর সাধারণত যাত্রীরা পরবর্তী ফ্লাইটের টিকিট খোঁজেন।কিন্তু রাশিয়ার মস্কোর শেরেমেতিয়েভো আন্তর্জাতিক বিমানবন্দরে দুই নারী যা করেছেন, তা রীতিমতো নিরাপত্তা আতঙ্ক তৈরি করেছে।
নির্ধারিত ফ্লাইট মিস করার পর তারা টার্মিনালে ফিরে যাওয়ার বদলে সোজা প্লেন ওঠানামার এলাকায় ঢুকে পড়েন। এরপর চলন্ত প্লেনের সঙ্গে সঙ্গে লাগেজ নিয়ে দৌড়াতে শুরু করেন।
ঘটনাটি চলতি বছরের ২৫ জুলাইয়ের। ওই সময় রাশিয়ার রাষ্ট্রীয় বিমান সংস্থা অ্যারোফ্লোটের একটি ফ্লাইট উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল। ঠিক সেসময় বিমানবন্দরের রানওয়ে-সংলগ্ন এলাকায় উড়োজাহাজটির সঙ্গে দুই নারীর দৌড়ানোর ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ব্রিটিশ সংবাদমাধ্যম মেট্রোর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ভিডিওতে দেখা যায়, বিমানের অবস্থান বদলানোর সময় দুই নারী লাগেজ হাতে দ্রুত রানওয়ের ওপর দিয়ে ছুটছেন। তাদের একজনকে উড়োজাহাজের দিকে বারবার হাত নাড়তে দেখা যায়। ধারণা করা হচ্ছে, তিনি কোনোভাবে পাইলটের দৃষ্টি আকর্ষণ করে প্লেনটি থামানোর চেষ্টা করছিলেন।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দুই নারী নির্ধারিত সময়ের অনেকটা পরে বিমানবন্দরে পৌঁছান। ফলে তাদের বোর্ডিংয়ের সময়সীমা শেষ হয়ে যায় ও তারা ফ্লাইটটি ধরতে পারেননি। এরপর নিয়ম মেনে পরবর্তী ফ্লাইটের ব্যবস্থা করার জন্য টার্মিনালে ফিরে যাওয়ার পরিবর্তে তারা বিমানবন্দরের সংরক্ষিত এলাকায় ঢুকে পড়েন।
আরও বিস্ময়কর বিষয় হলো, দুই নারী এর আগেই বিমানবন্দরের নিরাপত্তা তল্লাশি পেরিয়ে ‘স্টেরাইল জোনে’ ছিলেন। সেখান থেকেই তারা কীভাবে বিমানের জন্য নির্ধারিত ‘অ্যাপ্রন’ এলাকায় পৌঁছে গেলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এপ্রোন হলো বিমানবন্দরের অত্যন্ত নিয়ন্ত্রিত একটি এলাকা, যেখানে বিমান সরানো, টেনে নেওয়া ও বিভিন্ন ধরনের গ্রাউন্ড অপারেশন পরিচালিত হয়।
উড়োজাহাজটি যখন গেট থেকে সরিয়ে নেওয়া হচ্ছিল, তখনই দুই নারীকে অ্যাপ্রনের কাছে দেখতে পান গ্রাউন্ড স্টাফরা। পরিস্থিতি বুঝতে পেরে তারা সঙ্গে সঙ্গে বিমানের চলাচল বন্ধ করে দেন। পরে দুই নারীকে সেখান থেকে সরিয়ে টার্মিনালে নিয়ে যাওয়া হয়।
এরপর তাদের রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস বা এফএসবির কাছে হস্তান্তর করা হয় বলে স্থানীয় প্রতিবেদনে জানানো হয়েছে।
এদিকে, রাশিয়ায় ফ্লাইট মিস করে কোনো যাত্রীকে উড়োজাহাজের পেছনে ছুটে যাওয়ার ঘটনা এবারই প্রথম নয়। চলতি বছরের মে মাসেও একই ধরনের একটি ঘটনা ঘটেছিল। সে সময় এক যাত্রী বিমানবন্দরের একটি বাথরুমে আটকে গিয়ে নির্ধারিত ফ্লাইটটি মিস করেছিলেন বলে জানা যায়।
পরে তিনি বুঝতে পারেন, ফ্লাইটটি উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছে। তখন তিনি সেটি থামানোর আশায় অ্যাপ্রন এলাকায় দৌড়ে যাওয়ার চেষ্টা করেন বলে স্থানীয় প্রতিবেদনে বলা হয়েছিল। তবে তার সেই চেষ্টা সফল হয়নি। ফ্লাইটটি শেষ পর্যন্ত ওই যাত্রীকে ছাড়াই উড্ডয়ন করে। ওই ঘটনার পর যাত্রীটিকে প্রায় ৩০ পাউন্ড জরিমানা করা হয়েছিল বলেও জানা যায়।