১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করে ভাইরাল সেই মিজান গ্রেফতার
সংগৃহীত ছবি
ফুটপাতে মাত্র ১০০ টাকায় গরুর মাংস দিয়ে ভাত বিক্রি করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই মিজানকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৯ আগস্ট) দুপুরে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে রাজধানীর আগারগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতারর করা হয়। পরে সরকারি কাজে বাধা দেওয়াসহ সংশ্লিষ্ট অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিদ্যুৎ বিভাগ ফুটপাতসহ বিভিন্ন স্থাপনায় থাকা অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করছিল। এরই ধারাবাহিকতায় আগারগাঁও এলাকায় মিজানের দোকানের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে বিদ্যুৎ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সেখানে যান।
ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে মিজান সংশ্লিষ্টদের ওপর চড়াও হন। একপর্যায়ে তিনি একটি বোতল দিয়ে পুলিশের এক সদস্যকে আঘাত করেন। পরে তাকে আটক করে থানায় নেওয়া হয়।