গাছ লাগিয়ে পরিবেশ সচেতনতার বার্তা রাবি সায়েন্স ক্লাবের

গাছ লাগিয়ে পরিবেশ সচেতনতার বার্তা রাবি সায়েন্স ক্লাবের

সংগৃহীত

পরিবেশ সচেতনতার বার্তা দিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সায়েন্স ক্লাবের (আরইউএসসি) উদ্যোগে ‘আরইউএসসি ট্রি প্ল্যান্টেশন ড্রাইভ ২০২৬’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের আরইউএসসি কার্যালয়সংলগ্ন এলাকায় চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম।

কর্মসূচির অংশ হিসেবে একই দিন রাজশাহী জেলার বিসিএসআইআর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণেও বৃক্ষরোপণ করা হয়। দিনব্যাপী আয়োজনে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ফলদ, বনজ, ভেষজ ও শোভাবর্ধনকারী প্রায় দুই শতাধিক চারা বিতরণ করা হয়। পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণের বিভিন্ন স্থানে এসব চারা রোপণ করা হয়। আয়োজকদের ভাষ্য, চারা নির্বাচনের ক্ষেত্রে স্থানীয় পরিবেশ ও জীববৈচিত্র্যের ভারসাম্যকে গুরুত্ব দেওয়া হয়েছে।

ক্লাবের সভাপতি খালিদ মাহমুদ বলেন, “রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব বরাবরই পরিবেশ, বিজ্ঞান ও সমাজসংশ্লিষ্ট কার্যক্রমে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আমাদের এ বৃক্ষরোপণ কর্মসূচির লক্ষ্য শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করা এবং গাছের গুরুত্ব সম্পর্কে একটি টেকসই বার্তা ছড়িয়ে দেওয়া।”

বিসিএসআইআর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল জলিল বলেন, “শিক্ষার্থীদের মধ্যে পরিবেশের প্রতি দায়িত্ববোধ ও সচেতনতা তৈরিতে এ ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের এই উদ্যোগকে স্বাগত জানাই।”

বিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, “গাছ পেয়ে আমাদের খুব ভালো লাগছে। আমরা এই গাছের যত্ন নেব। বড় হয়ে গাছটি যেন সুন্দর হয়, সেদিকে খেয়াল রাখব।”

ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এহসানুল হক দিনারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি খালিদ মাহমুদ। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক এ এইচ এম খুরশীদ আলম এবং ক্লাবের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সভাপতি মো. আব্দুল লতিফ উপস্থিত ছিলেন।

আয়োজনে আরো উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সভাপতি মো. আবু জুবায়ের, যুগ্ম-সাধারণ সম্পাদক ইয়াসিন খন্দকার ইমন, কোষাধ্যক্ষ সুলাইমান, সাংগঠনিক সম্পাদক সাদিয়া জামিল দিয়া ও মাশরাফি জামান চৌধুরীসহ ক্লাবের অন্যান্য সদস্য। কর্মসূচির আহ্বায়ক ছিলেন ক্লাবের মিডিয়া সম্পাদক সোহান আহমেদ।

রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব বিজ্ঞানচর্চা, বিজ্ঞান প্রচার ও প্রসারের পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও সামাজিক সচেতনতা তৈরিতে নিয়মিত বিভিন্ন কর্মসূচি আয়োজন করে থাকে। জাতীয় বিজ্ঞান মেলা, সায়েন্স শো ও বিজ্ঞানভিত্তিক পডকাস্টের পাশাপাশি ভবিষ্যতেও পরিবেশবান্ধব কার্যক্রম অব্যাহত রাখার কথা জানিয়েছেন আয়োজকরা।