সিকিউরিটি গার্ডের চাকরি নেওয়ার ৪ দিন পরেই নারীকে ধর্ষণ
প্রতিকী ছবি
গভীর রাত। ব্যস্ত শহরে অভিজাত হাউজিং সোসাইটির ছাদে একটু হাঁটতে উঠেছিলেন এক নারী।কিন্তু তিনি ঘুণাক্ষরেও টের পাননি, যাকে নিয়োগ দেওয়া হয়েছে নিরাপত্তার জন্য, সেই পাহারাদারই ওত পেতে আছে তার সর্বনাশ করতে। মাত্র চারদিন আগে কাজে যোগ দেওয়া সেই সিকিউরিটি গার্ডের কাছে ধর্ষণের শিকার হয়েছেন ওই নারী।
সম্প্রতি বর্বরোচিত এই ঘটনা ঘটেছে ভারতের গুজরাটে। পুলিশের তথ্য অনুযায়ী, ওই নারীর ওপর চড়াও হয়ে তাকে প্রথমে শ্বাসরোধ করার চেষ্টা করেন অভিযুক্ত ধরম সিং। এরপর তার ওপর নৃশংস যৌন নিপীড়ন চালানো হয়।
ধর্ষণ শেষে আশঙ্কাজনক অবস্থায় ওই নারীকে ছাদে তালাবদ্ধ করে পালিয়ে যান তিনি। সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, লিফট ও সিঁড়ি ব্যবহার করে ছাদে উঠেছিলেন অভিযুক্ত সিকিউরিটি গার্ড।
ভেরিফিকেশন ছাড়াই চাকরি
উত্তর প্রদেশের হারদোই জেলার বাসিন্দা ধরম সিং মাত্র চারদিন আগে আনন্দনগর এলাকার ওই হাউজিং সোসাইটিতে কাজে যোগ দেন। এর আগে তিনি আমেদাবাদের বিভিন্ন সংস্থায় কাজ করেছেন।
কিন্তু আশ্চর্যের বিষয় হলো, তাকে কাজে নেওয়া সিকিউরিটি এজেন্সি কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন করেনি। এমনকি তাকে কোনো ধরনের প্রশিক্ষণ দেওয়া হয়নি বা সংগ্রহ করা হয়নি তার কোনো মৌলিক তথ্যও।
পুলিশের সাঁড়াশি অভিযান
ঘটনার পর মোবাইল ফোন বন্ধ করে গা ঢাকা দেওয়ার চেষ্টা করেছিলেন অভিযুক্ত। তবে পুলিশ বসে থাকেনি।
স্থানীয় পুলিশ ও ক্রাইম ব্র্যাঞ্চের দশটি দল যৌথভাবে তল্লাশি শুরু করে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ফাঁদ পাতা হয়। অবশেষে হেবাতপুর এলাকা থেকে রোববার (৯ আগস্ট) সকালে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-র কঠোর ধারায় মামলা দায়ের হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি টিম।
নির্যাতিতা ও অভিযুক্ত উভয়েরই মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে। প্রমাণ জোগাড় করতে ডিএনএ পরীক্ষা চলছে। নিরাপত্তায় চরম অবহেলার দায়ে ওই সিকিউরিটি এজেন্সির বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।